উপবৃত্তির টাকা দেওয়ার নামে প্রতারণা, গ্রেপ্তার ৮
তাদের কাছ থেকে ২৩টি মোবাইল সেট, ৩১০টি সিম কার্ড এবং প্রায় তিন লাখ টাকা উদ্ধার করার কথা জানিয়েছে র্যাব।
শিক্ষা উপবৃত্তির টাকা দেওয়ার নামে প্রতারণার অভিযোগে ৮ জনকে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব-৫ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মুনীম ফেরদৌস সোমবার ঢাকার কারওয়ান বাজারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
তিনি বলেন, গত কয়েকদিন টানা অভিযান চালিয়ে ঢাকা, জামালপুর, রাজশাহী, নারায়ণগঞ্জ, কুমিল্লা ও ফরিদপুর থেকে ওই আটজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন– শামীম হোসেন (২৯), মোহাম্মদ জিহাদ (৩৪), আমির হামজা (২৬), মো. আহাদ গাজী (২৪), মোস্তাফিজুর রহমান ওরফে জয় (২৬), বাপ্পি মোল্লা (২০), জাকির হোসেন হাওলাদার (৪৭) এবং মো. উসমান গনি মোল্লা (৩৩)।
র্যাব-৫ অধিনায়ক বলেন, রাজশাহীর বোয়ালিয়া থানার একটি স্কুলের হিসাব রক্ষক পরিচয় দিয়ে এক ব্যাক্তি স্কুলের এক শিক্ষার্থীর বাবার কাছে ফোন করে তার মেয়ের উপবৃত্তির টাকা এসেছে বলে জানায়।
"পরে এই টাকা নেওয়ার জন্য ওই শিক্ষার্থীর বাবাকে ব্যাংক অ্যাকাউন্ট নম্বরের সাথে এটিএম কার্ডের ১৬ ডিজিট নম্বর দিতে বলে। পরে একটি ওটিপি নম্বর যাবে বলে সেটাও দিতে বলে। এক পর্যায়ে ওই ব্যক্তি দেখতে পান, তার অ্যাকাউন্ট থেকে তিন দফায় প্রায় দেড় লাখ টাকা হাওয়া হয়ে গেছে।”
ওই অভিভাবকের অভিযোগ পাওয়ার পর র্যাব তদন্তে নেমে শামীম হোসেনকে গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অন্যদের গ্রেপ্তার করা হয়।
তাদের কাছ থেকে ২৩টি মোবাইল সেট, ৩১০টি সিম কার্ড এবং প্রায় তিন লাখ টাকা উদ্ধার করা হয়েছে বলে র্যাবের সংবাদ সম্মেলনে জানানো হয়।
