ঢাকায় ভুয়া ফ্যামিলি কার্ডসহ প্রতারক আটক
ওই ব্যক্তি পল্লবী এলাকায় ৫৩০ টাকার বিনিময়ে সরকারি ফ্যামিলি কার্ড বিক্রি করছিলেন।
ঢাকার পল্লবীতে টিসিবির সুলভ মূল্যের পণ্য পেতে সরকারি ফ্যামিলি কার্ডের আদলে ভুয়া কার্ড বিক্রির সময় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার মধ্যরাতে বাউনিয়াবাঁধ বাজার এলাকায় জনতার হাতে আটক ও্ই ব্যক্তিকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান পল্লবী থানার ওসি পারভেজ ইসলাম।
পল্লবী এলাকায় টিসিবি ডিলার জসিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই ব্যক্তি পল্লবী এলাকায় ৫৩০ টাকার বিনিময়ে সরকারি ফ্যামিলি কার্ড বিক্রি করছিলেন।
“এক পর্যায়ে আমার কাছে এসে একটি কার্ড বিক্রি করতে চায়। তখন সন্দেহ হলে আমরা লোকটিকে ধরে থানা পুলিশের কাছে খবর দিই।”
পল্লবী থানার ওসি জানান, আটক ব্যক্তির নাম সৈয়দ সোহাগ হোসেন (৪৩)। তার কাছে টিসিবির ৩৮টি ভুয়া ফ্যামিলি কার্ড পাওয়া গেছে। তার বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির মামলা করা হচ্ছে।
