মোটরসাইকেলে বাসের ধাক্কা, ‘রাইড শেয়ারিং' চালকের মৃত্যু
'আল আরাফা এক্সপ্রেস' নামে বাসটি সায়েদাবাদ থেকে হাজীগঞ্জ যাচ্ছিল।
ঢাকার যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১১টার দিকে কাজলা পেট্রোল পাম্পের সামনের ফ্লাইওভারের ঢালে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।
নিহত সজল সেলিম (৩০) রাইড শেয়ারিংয়ের মোটরসাইকেল চালাতেন বলে তার ভাই মনির হোসেন জানান। রায়েরবাগের মদিনাবাগে পরিবার নিয়ে থাকতেন সেলিম। তার গ্রামের বাড়ি দোহারের বান্দুরায়।
মনির বলেন, সকালে কাজলা এলাকায় দ্রুতগতির বাসের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়েন সজল। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
'আল আরাফা এক্সপ্রেস' নামে বাসটি সায়েদাবাদ থেকে হাজীগঞ্জ যাচ্ছিল; বাসটি জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া।
