এক্সপ্রেসওয়ে: প্রথমদিনের টোল ১২ লাখ টাকা
সবচেয়ে বেশি ৮৭২৭টি যানবাহন উঠেছে বিমানবন্দরের কাওলা প্রান্ত থেকে।
আংশিক চালু হওয়ার প্রথম দিন রোববার সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত ১৪ হাজার ৭২৭টি যানবাহন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করেছে। এতে ১১ লাখ ৯৭ হাজার ৪০ টাকা টোল আদায়ের তথ্য দিয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।
নির্মাতা প্রতিষ্ঠান ইতাল-থাই ২৫ বছর এ টোল আদায় করবে; এ সড়কের রক্ষণাবেক্ষণও করবে তারা।
এক্সপ্রেসওয়ে প্রকল্পের পরিচালক এএইচএমএস আকতার রোববার রাতে জানান, সবচেয়ে বেশি ৮৭২৭টি যানবাহন উঠেছে বিমানবন্দরের কাওলা প্রান্ত থেকে। এছাড়া কুড়িল থেকে ১৮৬৪টি, বনানী থেকে ১৭২৩টি এবং তেজগাঁও থেকে ২৭১৩টি যানবাহন এক্সপ্রেসওয়েতে উঠেছে।
ঢাকার যানজট কমাতে বহুল আলোচিত এ উড়াল সড়ক ব্যবহার প্রসঙ্গে এর আগে দুপুরে তিনি বলেছিলেন, প্রথম দিন বলে মানুষ জানে কম। এ কারণে যানবাহন উঠেছে কম। মাত্র চলাচল শুরু হল। আরও অনেক যানবাহন এটা ব্যবহার করবে বলে আশা তার।
শনিবার বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯ দশমিক ৭৩ কিলোমিটার দৈর্ঘ্যের এ এক্সপ্রেসওয়ের কাওলা থেকে তেজগাঁও পর্যন্ত সাড়ে ১১ কিলোমিটার সড়ক উদ্বোধন করেন। রোববার সকাল থেকে এ অংশ যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়।
[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ৩ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: https://www.facebook.com/bdnews24/posts/pfbid02C3kPVxgxkiRLfMURtvtRyqfyhsnnGJhKyqNyiPsYxorst8LHt6be67hSV6N7pW2cl ]
