চাঁদপুর, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেয়েকে আরেকজনের সঙ্গে বিয়ে দেওয়ায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মঙ্গলবার রাতে এক বাবা খুন হয়েছে বলে অভিযোগ উঠেছে।
পুলিশ জানিয়েছে, নিহত মনির হোসেন সরকার (৪৫) উপজেলার মোহনপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের প্রয়াত মতি সরকারের ছেলে। তিনি ঢাকার যাত্রাবাড়িতে পরিবার নিয়ে থাকতেন। তার পেশা মাছ ব্যবসা।
বাহাদুরপুর গ্রামের আলী আহম্মেদের ছেলে আব্দুল হান্নানের (২০) হামলায় তার মৃত্যু হয়েছ। ঘটনার পর থেকে হান্নান পলাতক রয়েছে।
এ ঘটনায় নিহতের স্ত্রী লেবু বেগম আব্দুল হান্নানসহ অজ্ঞাতপরিচয় আরো দুই যুবকের বিরুদ্ধে মতলব উত্তর থানার রাতেই একটি হত্যা মামলায় দায়ের করেন।
স্থানীদের বরাত দিয়ে থানার ওসি রুস্তুম আলী শিকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মনির হোসেন এশার নামাজ শেষে মঙ্গলবার রাত ৯টার দিকে বাড়ি যাচ্ছিলেন।
তিনি বলেন, "ছেংগারচর বাজার থেকে সিকিরচোঁ ছোট খাল পাড় হয়ে রাস্তায় উঠার সময় হান্নানসহ তিন বখাটে কাঠমিস্ত্রির কাজে ব্যবহৃত ধারালো বাটাল দিয়ে মনির হোসেনের বুকে আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।"
ওসি রুস্তুম জানান, পুলিশ হান্নানকে গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। রাতেই ঘটনাস্থল থেকে একটি বাটাল উদ্ধার করা হয়েছে।
মনির হোসেনের ওই মেয়ে সাংবাদিকদের জানান, তারা চারবোন বাবা-মার সঙ্গে মাঝেমধ্যেই গ্রামের বাড়িতে বেড়াতে আসতো। প্রায় ৬ মাস আগে হান্নান তাকে বিয়ে করার জন্য প্রস্তাব পাঠায়। কিন্তু সে বখাটে প্রকৃতির ছেলে হওয়ায় তার পরিবার তাতে অসম্মতি জানায়।
দুই মাস আগে দাউদকান্দি উপজেলার হাসানপুর গ্রামের নজরুলের সঙ্গে তার বিয়ের কথাবার্তা চূড়ান্ত হয়। তাকে ওই ছেলের পরিবার আংটিও পরিয়ে যায়। বিষয়টি টের পেয়ে যায় হান্নান। এরপর সে তার বাবাকে মোবাইল ফোনে হত্যার হুমকি দেয়। পাঁচ দিন আগে নজরুলের সঙ্গে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন এলাকাবাসী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মনির হোসেন ঘটনাস্থলে মারা গেলেও লাশটি নারায়ণগঞ্জ খানপুর হাসপাতালে নিয়ে যান স্থানীয় ইউপি মেম্বার বাবুল হোসেন প্রধান। বুধবার সকালে মনির হোসেনের লাশ তার পরিবারের সদস্যরা নারায়ণগঞ্জ খানপুর হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে আসে।
বাবুল হোসেন মোহনপুর ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের মেম্বার। এ বিষয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের পক্ষে তার সঙ্গে মোবাইল ফোনে কয়েকবার চেষ্টা করে তার সংযোগ বন্ধ পাওয়া যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১৫২৪ ঘ.
bdnews24