২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আসন ভাগাভাগির সিদ্ধান্তে সময় চাচ্ছে জাপা

“নির্বাচনটা আমরা কীভাবে করব বা করব না, সেটা আজকের মধ্যেই পরিষ্কার হওয়া দরকার। যার জন্য আমাদের চেয়ারম্যান পার্টি অফিসে আসেন, তিনি আমাদের সিনিয়র নেতাদের সঙ্গে কথা বলেছেন। আরও কথা বলা দরকার।”

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2023, 03:52 PM

Updated : 17 Dec 2023, 04:33 PM

দ্বাদশ সংসদ নির্বাচনে জাতীয় পার্টির সঙ্গে আওয়ামী লীগের আসন ভাগাভাগির নিয়ে গণমাধ্যমে ওবায়দুল কাদের সত্যি কথা বলেছেন জানালেও এ বিষয়ে আরো কয়েক ঘণ্টা সময় চাচ্ছে জাতীয় পার্টি।

রোববার দুপুরে বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, “উনাদের সঙ্গে আমাদের আনুষ্ঠানিক- অনানুষ্ঠানিক আলোচনা হচ্ছে। চারটা-পাঁচটা এ ধরনের কোনো সংখ্যার বিষয় নাই। আমরা আমাদের নেতৃবৃন্দ যারা আছেন, তাদের সঙ্গে কথা বলছি, মতামত নিচ্ছি।”

তবে আওয়ামী লীগের কাছে কতটি আসন চাওয়া হয়েছে এ ধরনের প্রশ্নের উত্তর এখন দেওয়ার সুযোগ দেখছেন না মুজিবুল হক চুন্নু।

এ বিষয়ে বিকালে জাতীয় পার্টির আনুষ্ঠানিক বিফ্রিং হওয়ার কথা রয়েছে বলে জানান তিনি।

রোববার বিকাল ৪টায় শেষ হচ্ছে মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ। এরপর জানা যাবে, শেষ পর্যন্ত কারা থাকছেন দ্বাদশ সংসদ নির্বাচনে ভোটের লড়াইয়ে।

আওয়ামী লীগ এবার জাতীয় পার্টির সঙ্গে জোটে যায়নি। তবে আসন ভাগাভাগি নিয়ে দুই দলের মধ্যে চার দফা বৈঠক হয়েছে। শেষ পর্যন্ত সমঝোতা হলে জাতীয় পার্টিকে ছেড়ে দেওয়া আসনগুলো থেকে নিজেদের প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহার করে নেবে আওয়ামী লীগ। সেটাও ইসিকে জানাতে হবে বিকাল ৪টার মধ্যে।

এর আগে রোববার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক জাতীয় পার্টিকে কতটি আসন দেওয়া হচ্ছে তা জানতে বিকাল পর্যন্ত অপেক্ষা করতে বলেন।

কতটি আসনে জাতীয় পার্টিকে ছাড় দিচ্ছে আওয়ামী লীগ- এমন প্রশ্নের জবাব সরাসরি না দিয়ে বিকাল ৪টা পর্যন্ত অপেক্ষায় থাকতে বলেন ওবায়দুল কাদের।

“সমঝোতা আমাদের মধ্যে আছে। এখানে কোনো প্রকার অশোভন পরিস্থিতি সৃষ্টি হয়নি। আমরা বসেই আলোচনা করেছি। আজকেও টেলিফোনে কথা বলেছি। আমাদের পক্ষ থেকে নির্দিষ্ট সংখ্যা জাতীয় পার্টিকে আমরা দিয়েছি। সবশেষ কতজনে সমঝোতা হল সেটা জানতে বিকাল পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে," বলেন কাদের।

আসন ভাগাভাগির বিষয়টি বিকালের মধ্যে পরিষ্কার হবে বলে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নুও বলেছেন।

তিনি বলেন, “আমরা নির্বাচনে লড়বার জন্য এসেছি। কিন্তু পরিবেশ-পরিস্থিতির জন্য অপেক্ষা করছিলাম। আজকে এবং আগামীকাল এই দুইটা দিন খুবই গুরুত্বপূর্ণ। একটা হল মনোনয়ন প্রত্যাহারের শেষ, আগামীকাল হল প্রতীক বরাদ্দের দিন। নির্বাচনটা আমরা কীভাবে করব বা করব না, সেটা আজকের মধ্যেই পরিষ্কার হওয়া দরকার। যার জন্য আমাদের চেয়ারম্যান পার্টি অফিসে আসেন, তিনি আমাদের সিনিয়র নেতাদের সঙ্গে কথা বলেছেন। আরও কথা বলা দরকার।”

পুরনো খবর:

নৌকা-লাঙ্গলের অঙ্ক জানতে ধৈর্য ধরতে বললেন কাদের

এক প্রশ্নে জবাবে তিনি বলেন, “আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সত্যি বলেছেন, তাদের সঙ্গে আমাদের আনুষ্ঠানিক-অনানুষ্ঠানিক আলোচনা হচ্ছে, নির্বাচনের নানা বিষয় নিয়ে।”

নির্বাচনে জাতীয় পার্টির আসন চাওয়ার বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের মন্তব্যের বিষয়ে জানতে চাইলে মুজিবুল হক বলেন, “চাওয়ার বিষয়টা উনি বলেছেন। এই বিষয়ে আমাদের কোনো উত্তর নাই। একটা বিষয়, যখন যে যা কিছু চায়, চাওয়ার সময় তো বেশি চায়। আমরা কী চাইছি, কী চাইছি না এই প্রশ্নের জবাব এই সময়ে আমার দেওয়ার কোনো সুযোগ নাই।”

২০০৮ সাল থেকেই ১৪ দল ও আওয়ামী লীগ জোটবদ্ধ হয়ে নির্বাচন করে আসছে। তিনটি জাতীয় নির্বাচনের দুটিতে জোটের শরিক হিসেবে ছিল জাতীয় পার্টিও।

তবে ২০১৪ সালে দশম সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত জোটের বর্জনের পর জাতীয় পার্টি জোটে ছিল না। এবারও বিএনপি ভোটে আসেনি, জাতীয় পর্টিকেও জোটে রাখা হয়নি।

২০১৪ সালে জোট না থাকলেও জাতীয় পার্টির প্রার্থী আছে- এমন ৩৪টি আসনে প্রার্থী দেয়নি আওয়ামী লীগ। সেসব আসনেই জয় পায় দলটি। একাদশে জোট করার পর তাদেরকে দেওয়া হয় ২৬টি আসন, এর মধ্যে তারা জয় পায় ২৩টিতে।

জাতীয় পার্টি এবার বলছিল, ২০১৮ সালের নির্বাচনে তাদের যে ২৬টি আসনে ছাড় দেওয়া হয়েছিল, তার সঙ্গে আরো একটি মিলিয়ে মোট ২৭টি আসন দিতে হবে তাদের। তাছাড়া যেসব আসন আওয়ামী লীগ ছেড়ে দেবে, সেসব আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়া আওয়ামী লীগ নেতাদেরও বসিয়ে দিতে হবে।

সংবাদমাধ্যমের খবরে বলা হচ্ছে, শেষ পর্যন্ত জাতীয় পার্টিকে ২৬টি আসনই দিচ্ছে আওয়ামী লীগ। ১৪ দলের শরিকরা পাচ্ছে চারটি আসন। এছাড়া অন্যান্য দলকে আরো চারটি আসন ছেড়ে দেবে ক্ষমতাসীনরা। কিন্তু স্বতন্ত্র প্রার্থী হওয়া আওয়ামী লীগ নেতাদের বিষয়ে কঠোর হতে রাজি নয় ক্ষমতাসীন দল।