২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি দেখিয়ে চাঁদা দাবি: গ্রেপ্তার ব্যক্তি রিমান্ডে

বড় অঙ্কের ঋণ পাইয়ে দেবেন বলে ঢাকার মোটরসাইকেলের এক শোরুমের কর্ণধারের কাছ থেকে টাকা নেন।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2023, 10:56 PM

Updated : 16 Oct 2023, 10:56 PM

প্রধানমন্ত্রীর সঙ্গে নিজের ছবি দেখিয়ে অর্থ আত্মসাৎ ও চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার সাইফুল ইসলাম সজীবকে জিজ্ঞাসাবাদে দুই দিনের পুলিশ হেফাজতে নেওয়ার আদেশ দিয়েছে ঢাকার একটি আদালত।

সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে তাকে হাজির করে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে হাকিম শেখ সাদী দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন বলে জানান আদালতে হাতিরঝিল থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ-পরিদর্শক সাইফুর রহমান।

গ্রেপ্তার সজীবের বিরুদ্ধে মুখ্য মহানগর হাকিম আদালতে মামলাটি করেন ঢাকার একটি মোটরসাইকেল শোরুমের মালিক তৌহিদুল ইসলাম। তখন আদালত হাতিরঝিল থানার ওসিকে মামলাটি এজাহার হিসেবে গ্রহণের আদেশ দেন। পরে আসামি গত ২৭ অগাস্ট হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের আগাম জামিন নেন।

এরপর গত ১১ অক্টোবর সজীব হাইকোর্টের নির্দেশে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এজাহারে বলা হয়েছে, সাইফুল ইসলাম সজীব প্রধানমন্ত্রীর সঙ্গে তার একটি ছবি দেখিয়ে জনগণের মধ্যে নিজেকে অত্যন্ত ক্ষমতাবান ও প্রভাবশালী বলে প্রচার করতে থাকেন। একসময় আসামি বাদীর মোটরসাইকেলের শোরুমে এসে প্রধানমন্ত্রীর অত্যন্ত কাছের লোক বলে পরিচয় দেন। বলেন, আপনার ব্যবসা প্রতিষ্ঠান বড় করার জন্য ব্যাংক থেকে ঋণের ব্যবস্থা করে দেব। এরপর বাদী আসামির অফিসে গিয়ে দেখেন, প্রধানমন্ত্রীর সঙ্গে তার ছবি দেওয়ালে টাঙানো। এক পর্যায়ে আসামি বাদীকে ২০ লাখ টাকা ঋণ মঞ্জুর করে দিতে পারবে বলে জানান। এজন্য ঋণের প্রক্রিয়া করতে এক লাখ টাকা খরচ হবে বলে বাদীকে বলেন। বাদী সরল বিশ্বাসে ৫০ হাজার টাকা দেন।

এজাহারে অভিযোগ করা হয়, কিছুদিন পর বাদীর ঋণ মঞ্জুর না হওয়ায় আসামির কাছে টাকা ফেরত চান বাদী। তখন আসামি টাকা ফেরত না দিয়ে উল্টো আরও দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। অন্যথায় অপহরণ করার হুমকি দেন।