পরিবহন ব্যবসার আড়ালে ইয়াবা পাচার, গ্রেপ্তার ৩
র্যাব তিনজনকে আটক করলেও চক্রের হোতাকে এখনও ধরতে পারেনি।
ট্রাকের তেলের ট্যাংকের মধ্যে লুকিয়ে দুই লাখের মতো ইয়াবা পাচারের সময় তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব।
বলা হচ্ছে, এই চক্রটি দীর্ঘদিন ধরে এভাবে পরিবহন ব্যবসার আড়ালে টেকনাফ থেকে ইয়াবা পাচার করছিল।
শনিবার রাতে ঢাকার যাত্রাবাড়ী থেকে মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকসহ আমিনুল ইসলাম (২৬), হেদায়েত উল্লাহ (২০) ও মো. নুরুল ইসলামকে (৪৮) গ্রেপ্তার করে র্যাব-১ এর একটি দল।
তিনজনকে গ্রেপ্তারের পাশাপাশি ট্রাকটির তেলের ট্যাংকের ভেতর থেকে এক লাখ ৯০ হাজার পিস ইয়বা জব্দ করে র্যাব।
তবে চক্রের ‘হোতা’ ট্রাক মালিক সোহেল পলাতক আছেন।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসায় আমিনুল, হেদায়েত এবং নুরুল আপরাধ স্বীকার করে জানিয়েছে, তারা গত কয়েক বছর ধরে টেকনাফ থেকে মাদক সংগ্রহ করে রাজধানী হয়ে দেশের বিভিন্ন স্থানে ডিলার ও ক্রেতাদের কাছে পৌঁছে দিয়ে আসছিল।
রোববার দুপুরে কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান বাহিনীর আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
মাদক কারবারিদের কাজের ধরন
র্যাব কর্মকর্তা খন্দকার আল মঈন বলেন, “গ্রেপ্তার চক্রটি জানায় পার্শ্ববর্তী দেশ থেকে ইয়াবা টেকনাফের ডিলারের কাছে আসে। এর পর টেকনাফ ও ঢাকার ডিলারের চাহিদা অনুযায়ী প্রতিটি প্যাকেটের গায়ে বিশেষ কোড নম্বর দিয়ে ইয়াবা প্যাকেটজাত করা হয়।
“ওই কোড নম্বর মিলিয়ে ঢাকাসহ বিভিন্ন স্থানের ডিলাররা বিভিন্ন মাদক ব্যবসায়ীদের কাছে চাহিদা অনুযায়ী চালান পৌঁছে দিয়ে থাকে।”
তিনি বলেন, “গত চার থেকে পাঁচ বছর যাবৎ চক্রটি পরিবহন ব্যবসার আড়ালে টেকনাফ হতে দেশের বিভিন্ন স্থানে ইয়াবা পাচার কার্যক্রম পরিচালনা করে আসছিল।চক্রটি টেকনাফ থেকে ইয়াবা রাজধানী ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও টাঙ্গাইলসহ দেশের বিভিন্ন স্থানে পৌছে দিতো।“
এই চক্রটি পণ্যবাহী পরিবহনের চালক-সহকারিদের মোটা অংকের টাকার ‘প্রলোভন’ দেখিয়ে তাদের গাড়িতে ইয়াবার চালান করার পরিবহনের জন্য প্রলুব্ধ করে থাকে বলেও সম্মেলনে জানানো হয়।
গ্রেপ্তার হওয়া চক্রটির সদস্য সংখ্যা সাত থেকে আটজন জানিয়ে আল মঈন বরেন, “ট্রাক মালিক সোহেল ও গ্রেপ্তার আমিনুলের দায়িত্ব ছিল টেকনাফের মাদকের সিন্ডিকেটের কাছ থেকে থেকে ইয়াবা সংগ্রহ করা। এরপর সোহেলের নির্দেশ মতো দেশের বিভিন্ন জায়গায় পৌঁছে দিত আমিনুল ও অন্যান্যরা।“
র্যাব কর্মকর্তা বলেন, “ইয়াবার কারবারে জড়িত এই চক্রটি তিনটি ভাগে কাজ করে। একটি গ্রুপ ইয়াবা সংগ্রহ করেছে। আরেকটি গ্রুপ চালন পৌঁছে দেওয়ার কাজ করত। এছাড়া আরেকটি গ্রুপ ক্রেতাদের কাছেও সরাসরি ইয়াবা পৌছে দিত।“
যেভাবে ধর পড়ে
র্যাব মুখপাত্র আল মঈন বলেন, “প্রথমে কক্সবাজারের চকরিয়ায় একটি গ্যারেজে বিশেষ পদ্ধতিতে গাড়ির তেলের সিলিন্ডারের মধ্যে গোপন প্রকোষ্ঠ তৈরি করে তার মধ্যে ইয়াবা লুকিয়ে পরিবহন করা হয়।”
তিনি জানান, পরিকল্পনা অনুযায়ী তেলের ট্যাংকে ইয়াবা রাখার পর সোহেল, আমিনুল, নুরুল ইসলাম প্রথমে ট্রাক নিয়ে টেকনাফ থেকে চট্টগ্রামে আসে। চট্টগ্রাম আসার পর সোহেল গাড়ি থেকে নেমে যান।
এরপর চট্টগ্রাম থেকে আমিনুল, নুরুল ও হেদায়েতকে নিয়ে ওই ট্রাকটি রওনা হয় গাজীপুরের পথে। মাঝে সীতাকুণ্ড ও কুমিল্লায় কিছুটা সময় বিরতি নেয় তারা।
র্যাব কমান্ডার বলেন, “ট্রাকে অন্য কোনো মালামাল ছিল না। কিন্তু পথে আইন-শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন চেকপোস্টে ট্রাক থামিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হলে তারা জানায়, গাজীপুর থেকে মালামাল চট্টগ্রাম নিয়ে আসার জন্য তারা খালি ট্রাক নিয়ে গাজীপুর যাচ্ছে।
“ট্রাকের ট্যাংকে ইয়াবাগুলো লুকিয়ে রাখার পর তারা নিশ্চিত ছিল যে তল্লাশিতে ধরা পড়বে না। কিন্তু শনিবার রাতে রাজধানীর যাত্রাবাড়ীতে র্যাবের তল্লাশিতে ইয়াবাসহ আমিনুল, হেদায়েত ও নুরুল ইসলাম র্যাবের হাতে ধরা পড়ে।”
অপরাধীদের পরিচয়
অপরাধীরা কে কার কিভাবে জড়িত হন সে সম্পর্কেও সংবাদ সম্মেলনে তথ্য তুলে ধরেন র্যাবের মুখপাত্র কমান্ডার আল মঈন।
তিনি জানান গত পাঁচ বছর ধরে টেকনাফ থেকে দেশের বিভিন্ন জায়গায় ইয়াবা পৌঁছে দেওয়ার এই কারবারে ‘ম্যানেজার’ হিসেবে কাজ করছেন হেলপার আমিনুল ইসলাম।
র্যাব কর্মকর্তা বলেন, চট্টগ্রাম ট্রাকস্ট্যান্ডে মাদক ব্যবসায়ী ও ট্রাক মালিক সোহেলের সঙ্গে পরিচয় হয়েছিল আমিনুলের। সোহেলের প্ররোচনায় সেই থেকে আমিনুল কক্সবাজার থেকে ঢাকাগামী ট্রাকে হেলপারি শুরু করেন।
চালান প্রতি ৩০ থেকে ৫০ হাজার টাকা পেতেন আমিনুল। এরআগে দুই দফায় গ্রেপ্তার হয়ে সোয়া দুই বছর মাদক মামলায় জেলও খাটেন তিনি।
র্যাব কর্মকর্তা জানান মালামাল পরিবহনের কাজের মাধ্যমে বান্দরবানে সোহেলের সঙ্গে নুরুল ইসলাম পরিচয় হয়। এবং ধীরে ধীরে তিনিও ইয়াবা পরিবহনের কাজে জড়িয়ে পড়েন।
দুইদিন আগে ইয়াবা পরিবহনের উদ্দেশ্যে সোহেল ও নুরুল এক সঙ্গে টেকনাফ যান।
নুরুলের গাড়িচালকের কোনো প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ নেই। এমনকি তার ভারী যানবাহন চালনার বৈধ লাইসেন্স নেই তার। ট্রাকের হেলপারি করার সময় মালামাল ‘লোড আনলোড’ করতে গিয়ে গাড়ি স্বল্পদূরত্বে স্থানান্তর করার কাজ করতে গিয়ে সে ড্রাইভিং শিখেছেন বলে জানিয়েছে র্যাব।
আরও জানান, নুরুল গত ১০ বছর ধরে ট্রাক ছাড়াও তিনি বিভিন্ন ধরণের পরিবহন চালিয়ে আসছে। মাদকের একটি চালান পৌছে দিয়েই ৫০ হাজার টাকা পেতেন তিনি।
আর টেম্পুচালক হিসেবে জীবিকা নির্বাহ করতেন তৃতীয় শ্রেণী পর্যন্ত পড়ালেখা করা হেদায়েতেরও বৈধ ড্রাইভিং লাইসেন্স নেই।
র্যাব জানায়, চক্রের ‘হোতা’ সোহেল ও হেদায়েতের দুজনের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়িতে। এলাকার বন্ধুদের মাধ্যমে সোহেলের সাহচর্যে আসেন হেদায়েত। বেশি অর্থের প্রলোভনে সোহেলের সঙ্গে জড়িয়ে পড়েন হেদায়েত। মাদকের একটি চালান পৌঁছাতে পারলে তিনি ১৫ থেকে ২০ হাজার টাকা পেতেন।
