২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে বৃষ্টি এল স্বস্তি নিয়ে

ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৭ ডিগ্রি সেলসিয়াস; যদিও গরমের অনুভূতি ছিল আরও বেশি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2022, 11:52 PM

Updated : 03 Sep 2022, 12:04 AM

মাঝ শরতেও গ্রীষ্মের মত গরম অনুভত হওয়ার এসময়ে রাজধানীতে নেমেছে স্বস্তির বৃষ্টি; দেশের অন্যান্য স্থানেও বাড়ছে বৃষ্টির প্রবণতা।

টানা কয়েকদিনের ভ্যাপসা গরমের পর হালকা এ বৃষ্টির সঙ্গে ঝিরি ঝিরি হাওয়ায় অনেকটাই শরীর জুড়িয়েছে নগরবাসীর। অসহনীয় হয়ে ওঠা পরিস্থিতি সাময়িক সময়ের জন্য হলেও কিছুটা কেটেছে।

ঢাকাসহ দেশের অনেক এলাকায় বেশ কিছুদিন থেকে বেশ গরম আবহাওয়া বিরাজ করছে। বর্ষার শেষ দিকে আর শরতের শুরুতেও বৃষ্টির দেখা মেলেনি। এরমধ্যে মঙ্গলবার থেকে কয়েকটি জেলায় মৃদু তাপপ্রবাহ বিরাজ করছে। তবে বৃষ্টির প্রবণতা বাড়ায় তাপপ্রবাহ প্রশমিত হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আগামী ৪৮ ঘণ্টা বৃষ্টিপাতের ধারা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান।

শুক্রবারও যশোর ও চুয়াডাঙ্গা জেলায় তাপপ্রবাহ বয়ে যায়। এদিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় চুয়াডাঙ্গায় ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস। রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৭ ডিগ্রি সেলসিয়াস। তবে গরমের অনুভূতি ছিল এর অনেক বেশি। বিশেষ করে গত তিন দিন ধরে দিনের বেলা গরমে বাইর টেকাই ছিল দায়।

Image

বাইরে চড়া রোদ, সেই সঙ্গে গরম; গাছের নিচে ছায়ায় বেঞ্চ পেয়ে হাতিরঝিলে একটু ঘুমিয়ে নিচ্ছিলেন এক ব্যক্তি। ফাইল ছবি।

এমন পরিস্থিতির মধ্যে এদিন হালকা মেঘের আনাগোনার মধ্যে দিনভর ভ্যাপসা গরম শেষে রাতে রাজধানীতে বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি নামে। এক পশলা বৃষ্টিতে নাগরিক জীবনে খানিক স্বস্তি নামে।

ঢাকায় রাতে বৃষ্টি নামলেও দিনভর দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে। আবহাওয়া অফিস গত ২৪ ঘন্টায় সৈয়দপুরে দেশের সর্বোচ্চ ৯১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ডের কথা জানিয়েছে।

এছাড়া সব বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি রয়েছে।

শনিবারের পূর্বাভাসে বলা হয়েছে- রংপুর বিভাগের অধিকাংশ জায়গায়; রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেইঙ্গে দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

চলতি মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়েছে- সেপ্টেম্বরে সামগ্রিকভাবে স্বাভাবিকের চেয়ে কিছুটা কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে; যার মধ্যে একটি নিম্নচাপে রূপ নিতে পারে।

সেই সঙ্গে দেশের উত্তর ও মধ্যাঞ্চলে দুই/তিন দিন বিজলি চমকানোসহ মাঝারি ধরনের বজ্রঝড় এবং সারাদেশে তিন/চার ৪ দিন হালকা বজ্রঝড় হতে পারে।