কারখানা বন্ধের প্রতিবাদে মিরপুরে সড়ক অবরোধ
শ্রমিকদের দাবি, দুই মাসের বেতন বকেয়া রেখে মালিক কারখানা বন্ধ করে দিয়েছে।
বকেয়া বেতনের দাবি এবং কারখানা বন্ধের প্রতিবাদে রাজধানীর মিরপুরের শেওড়াপাড়া এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন পোশাক শ্রমিকরা।
বৃহস্পতিবার সকাল ১০ থেকে সাড়ে ১১টায় পর্যন্ত তারা সড়ক অবরোধ করে রাখায় মিরপুর এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়; তাতে ভোগান্তিতে পড়েন চলতি পথের যাত্রীরা।
মিরপুর থানার ওসি মোহাম্মদ মহসিন বলেন, শেওড়াপাড়ায় 'জে কে ফ্যাশন' নামের ওই পোশাক কারখানা শ্রমিকরা সকালে সড়কে নেমে এসে বিক্ষোভ শুরু করলে যান চলাচল বন্ধ হয়ে যায়।
“শ্রমিকদের দাবি, দুই মাসের বেতন বকেয়া রেখে মালিক কারখানা বন্ধ করে দিয়েছে। মালিকপক্ষ কর্মীদের বেতন না দিয়েই অন্য স্থানে গার্মেন্ট সরিয়ে নিতে চায়। কারখানাটি শেওড়াপাড়া থেকে স্থানান্তরিত হবে গাজীপুরে। তবে শ্রমিকরা অভিযোগ করছে, স্থানান্তরের কথা বলে মূলত মালিকপক্ষ কারখানা বন্ধ করতে চাইছে।”
ওসি বলেন, শ্রমিকদের বুঝিয়ে সরিয়ে দেওয়ার পর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। শ্রমিকদের নিয়ে তিনি থানায় বসেছেন বিষয়টি মিটমাট করার জন্য। মালিকপক্ষকেও আসতে বলা হয়েছে।
শ্রমিকদের অভিযোগের বিষয়ে 'জে কে ফ্যাশন' কারখানা কর্তৃপক্ষের বক্তব্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানতে পারেনি।
বুধবারও ওই কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করেছিল। পরে বুঝিয়ে তাদের সড়ক থেকে উঠিয়ে দেওয়া হয়।
