১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ট্রাকচালকের সহকারীর হাতে স্টিয়ারিং, প্রাণ গেল পারটেক্স গ্রুপ কর্মকর্তার

ট্রাকটি পার্কিং করতে চালকের পরিবর্তে তার সহকারী চালাচ্ছিল বলে পুলিশ জানায়।

ট্রাকচালকের সহকারীর হাতে স্টিয়ারিং, প্রাণ গেল পারটেক্স গ্রুপ কর্মকর্তার

তেজগাঁও শিল্পাঞ্চল থানা। 

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2022, 08:03 PM

Updated : 22 Sep 2022, 08:06 PM

ঢাকার তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় ট্রাকের ধাক্কায় এক ব্যক্তির প্রাণ গেছে; এতে আহত হয়েছেন আরও চারজন।

বৃহস্পতিবার সকাল ৮টার দিকে বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক) মোড়ে এ হতাহতের ঘটনা ঘটে।

নিহত জিন্নাত আলী (৫৪) পারটেক্স গ্রুপের কর্মকর্তা।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার এসআই জহিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চালকের পরিবর্তে তার সহকারী জিহাদ খান (১৮) ট্রাকটি চালাচ্ছিল।

“ওই এলাকায় রাস্তার ধারে বেশ কিছু ট্রাক থাকে। জিহাদ ট্রাকটি এক জায়গা থেকে পাশে আরেক জায়গায় পার্কিং করার সময় একটি রিকশাভ্যান এবং পথচারী জিন্নাত আলীকে ধাক্কা দেয়।”

জিন্নাত আলীসহ আহত পাঁচজনকে শমরিতা হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক জিন্নাত আলীকে মৃত ঘোষণা করেন। অন্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

জিহাদ খান পারটেক্স গ্রুপের কর্মকর্তা জানিয়ে পুলিশ কর্মকর্তা বলেন, তিনি নাবিস্কোর একটি অফিস থেকে আরেকটি অফিসে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে।

ট্রাকচালকের সহকারী জিহাদ খানকে গ্রেপ্তার করে ট্রাকটি আটক করা হয়েছে বলে জানান জহিরুল।