২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতির কাছে ইরান ও ব্রাজিলের দূতের পরিচয়পত্র পেশ

নতুন দুই দূতের সঙ্গে বৈঠকে বাণিজ্য বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করেন রাষ্ট্রপতি।

রাষ্ট্রপতির কাছে ইরান ও ব্রাজিলের দূতের পরিচয়পত্র পেশ

ইরানের নতুন রাষ্ট্রদূত মানসুর চাবোশি সোমবার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে পরিচয়পত্র পেশ করেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2022, 10:12 PM

Updated : 29 Aug 2022, 10:12 PM

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে পরিচয়পত্র জমা দিয়েছে বাংলাদেশে নবনিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মানসুর চাবোশি এবং ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নেন্দো দিয়া ফেরেস।

সোমবার বিকেলে দুই দূত আলাদাভাবে বঙ্গভবনে গিয়ে তাদের পরিচয়পত্র পেশ করেন।

রাষ্ট্রপতির কাছে প্রথমে ইরানের রাষ্ট্রদূত তার পরিচয়পত্র পেশ করেন। এরপর পরিচয়পত্র পেশ করেন ব্রাজিলের নতুন রাষ্ট্রদূত ।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ ও ইরানের মধ্যে চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্ক বিদ্যমান। দুদেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের সম্ভাবনা উজ্জ্বল।

“রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, নতুন দূতের দায়িত্ব পালনকালে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ আরও সম্প্রসারিত হবে।”

রোহিঙ্গা সমস্যার সমাধানে জাতিসংঘ এবং ওআইসিতে জোরালো সমর্থনের জন্য ইরান সরকারকে ধন্যবাদ জানান রাষ্ট্রপতি ।

Image

ব্রাজিলের নতুন রাষ্ট্রদূত পাওলো ফার্নেন্দো দিয়া ফেরেস সোমবার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে পরিচয়পত্র পেশ করেন।

ব্রাজিলের নতুন রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, ব্রাজিলের সাথে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক বাড়াতে আগ্রহী বাংলাদেশ।

দুই দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের সফর বিনিময়ের উপর গুরুত্ব আরোপ করেন রাষ্ট্রপতি।

ওষুধ ও তৈরি পোশাকসহ বাংলাদেশ থেকে বিশ্বমানের পণ্য আমদানি করার করার জন্য ব্রাজিলের নতুন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান জানান তিনি।

সাক্ষাৎকালে ইরানের ও ব্রাজিলের নতুন রাষ্ট্রদূতরা দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা কামনা করেন ।

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এবং সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন।

নতুন দূতরা বঙ্গভবনে পৌঁছালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি দল তাদের গার্ড অব অনার দেয়।