এবার আইফোন খোয়ালেন জিএম কাদের
পুলিশ বলছে, “তার গাড়ির জানালা খোলা ছিল এবং হাতে তার আইফোনটি ছিল। এক ছিনতাইকারী ছোঁ মেরে তার হাত থেকে ফোনটি নিয়ে পালিয়ে যায়।”
যানজটে গাড়িতে বসে থাকার সময় জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধী দলীয় উপনেতা জিএম কাদেরের মোবাইল ফোন (আইফোন) ছিনতাই হয়েছে।
পুলিশ জানায়, রাজধানীর বিমানবন্দর সড়কে বুধবার রাত ১১টার দিকে নির্মানাধীন থার্ড টার্মিনালের কাছে এ ঘটনায় সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) আসলাম উদ্দিন মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জিএম কাদের সেসময় সংসদ ভবনে থেকে উত্তরার বাসায় ফিরছিলেন।
তিনি বলেন, “বিমানবন্দর থার্ড টার্মিনালের কাছে তিনি জ্যামে পড়েন। এসময় তার গাড়ির জানালা খোলা ছিল এবং হাতে তার আইফোনটি ছিল।
“এক ছিনতাইকারী ছোঁ মেরে তার হাত থেকে ফোনটি নিয়ে পালিয়ে যায়।”
ঘটনার পরদিন একটি মামলা হয়েছে জানিয়ে তিনি বলেন, “সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করা হলেও মোবাইল ফোনটি উদ্ধার করা সম্ভব হয়নি। তবে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।”
ছিনতাইয়ের ঘটনায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জিএম কাদের বলেন, “আমি পার্লামেন্ট থেকে বাসায় যাচ্ছিলাম। বিমানবন্দর থার্ড টার্মিনালের কাছে এ ঘটনা ঘটে।"
মোবাইল ফোনটি উদ্ধারে পুলিশ আশ্বাস দিয়েছে বলেও জানান তিনি।
এর আগে গত বছর ৩০ মে বিজয় সরণির রাস্তায় একইভাবে মোবাইল ফোন খোয়ান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। ছিনতাইকারী গাড়ির খোলা জানালা দিয়ে মন্ত্রীর হাত থেকে আইফোন ছোঁ মেরে নিয়ে উধাও হয়।
এর প্রায় দেড় মাস পর একটি ছিনতাইকারী চক্রকে গ্রেপ্তার করে কয়েকটি মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ। সেখানে পরিকল্পনামন্ত্রীর মোবাইল ফোনটিও পাওয়া যায়।
আরও খবর
