২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তরপত্র দেখে ‘হতবাক’ জগন্নাথ শিক্ষক দিলেন ফেইসবুকে

বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, ফেইসবুকে ছবি দিয়ে ওই শিক্ষক আইনসম্মত কাজ করেননি।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2022, 08:07 PM

Updated : 29 Oct 2022, 09:10 PM

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক স্নাতকোত্তরের এক শিক্ষার্থীর উত্তরপত্রের ছবি ফেইসবুকে পোস্ট করায় সেটি নিয়ে শুরু হয়েছে আলোচনা।

ওই শিক্ষক বলছেন, ওই শিক্ষার্থীর উত্তরপত্র দেখে হতাশ হয়েছেন তিনি।

এদিকে শিক্ষার্থীরা বলছেন, বিষয়টি নিয়ে তারা ‘হাস্যরসের’ শিকার হচ্ছেন। অন্যদিকে ফেইসবুকে উত্তরপত্রের ছবি দেওয়াকে নিয়মবহির্ভূত বলছেন বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক কর্মকর্তা।

শুক্রবার সন্ধ্যায় নিজের ফেইসবুক আইডিতে দুটি ছবি পোস্ট করেন অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন বিভাগের শিক্ষক অধ্যাপক শওকত জাহাঙ্গীর।

ক্যাপশনে তিনি লিখেন, “মাস্টার্স পর্যায়ের মিড-টার্ম পরীক্ষার উত্তরপত্র। হাতের লেখা বেশ ভালো কিন্তু ভিতরে পড়ে আমি হতবাক! হতাশ মনটা ভালো করার জন্য উত্তরপত্র মূল্যায়নে বিরত থাকলাম।”

তার ওই পোস্টটি ছড়িয়ে পড়লে বিভাগের শিক্ষার্থীরা দাবি করেন, তারা বিভিন্ন ফেইসবুক গ্রুপে ‘ট্রলের শিকার’ হচ্ছেন। এর মাধ্যমে বিভাগের শিক্ষার্থীরা ‘হেয়-প্রতিপন্ন’ হচ্ছেন বলে ভাষ্য তাদের।

পরে শনিবার বেলা ১২টার দিকে ওই শিক্ষকের পোস্টটি সম্পাদনা করে লেখা হয়, “মাস্টার্স পর্যায়ের (প্রাইভেট/পাবলিক বিশ্ববিদ্যালয়ের ইভিনিং প্রোগ্রামের ছাত্রের) মিড-টার্ম পরীক্ষার উত্তরপত্র…।”

বিভাগের স্নাতকোত্তর পর্যায়ের এক শিক্ষার্থী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এটা আমাদের রেগুলার ছাত্রের খাতা নয়। তবে সেটা স্যার (প্রথমে) মেনশন করেননি। এটা নিয়ে অনেক ট্রল হচ্ছে।

“সবাই একটু হতবাকই হচ্ছে, স্যার দেওয়ার কারণে সবাই ডিপার্টমেন্টের ছাত্রদের কোয়ালিটি নিয়ে প্রশ্ন তুলছে; এটা সবাইকে মর্মাহত করেছে।”

বিভাগের আরেক শিক্ষার্থী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “স্যার এটা দায়িত্বশীল আচরণ করেননি। উনার এমন কাজের জন্য আমাদের ছোট হতে হচ্ছে। মানুষ ভাবছে আমরা এমন বাজে লিখেছি৷ সবাই আমাদের কোয়ালিটি নিয়ে প্রশ্ন তুলছে।”

জানতে চাইলে অধ্যাপক শওকত জাহাঙ্গীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ট্রল হবে কেন? যারা করছে সেটা তার ব্যর্থতা। আর আমি তো লিখিওনি এটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের খাতা।

“কিন্তু এটা থেকে সামগ্রিক একটা চিত্র ফুটে উঠেছে। এটা যারা ধরতে পারেনি, সেটা তার ব্যর্থতা।”

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক এ কে এম আখতারুজ্জামান বলেন, “এমনটা করে তিনি আইনসম্মত কাজ করেননি। যে ব্যাচেরই হোক, তিনি এটা করতে পারেন না।

“যদি কোনো শিক্ষার্থী না বুঝে লিখে, তাহলে সেটা ওই শিক্ষকের ব্যর্থতা। ছাত্ররা যদি ভালো না পারে, ছাত্রকে বোঝাবে।”

ফেইসবুকে উত্তরপত্র দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীর কোয়ালিটিকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে দাবি করে তিনি বলেন, “ফেইসবুকে খাতার ছবি দেওয়ার কোনো এখতিয়ার উনার নেই। উনার মতোব্যক্তি এটা করলে জুনিয়র শিক্ষকরা কী করবে?”

এর আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রথম সেমিস্টারের এক শিক্ষার্থী অতিরিক্ত উত্তরপত্রে ‘স্যার আজকে আমার মন ভালো নেই’ লিখে সেই ছবি ফেইসবুক পোস্ট করে শাস্তির মুখে পড়েছিলেন।