বাসায় বাসায় ‘চুরি করতেন’ চার বোনের দল
পুলিশ বলছে, বিভিন্ন বাসায় গিয়ে কাজের নাম করে কথা বলার ফাঁকে তারা জিনিসপত্র হাতিয়ে নিতেন।
রাজধানীর উত্তরার এক বাসায় কাজের সন্ধানে ঢুকে কথা বলার ফাঁকে ‘চুরি’ শুরু করেছিলে চার বোন, শেষ পর্যন্ত মোবাইল ফোন হাতাতে গিয়ে ধরা পড়লে তাদের পুলিশের দিয়েছেন ওই বাড়ির লোকজন।
গ্রেপ্তার চারজন হলেন- আকলিমা খাতুন (২২), মুন্নি আক্তার (২০), তামান্না আক্তার (২২) এবং পিয়ারা খাতুন (২৫)। তাদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নাসির নগরে।
উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মাদ মহসীন জানান, এই চারজনের মধ্যে মুন্নি ও তামান্না আপন বোন। বাকি দুইজনের একজন তাদের চাচাতো ও একজন ফুফাতো বোন। এরআগেও তারা মিরপুরসহ বিভিন্ন জায়গায় চুরি করতে গিয়ে একাধিকবার গ্রেপ্তার হয়েছিল।
“প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে যে তারা বিভিন্ন বাসা বাড়িতে কাজের নাম করে ঢুকত এবং পরিকল্পিতভাবে বাসার মূল্যবান জিনিসপত্র চুরি করে নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিত। “
মঙ্গলবারও তারা সেই উদ্দেশ্যে উত্তরার ওই বাসায় যান জানিয়ে এই পুলিশ কর্মকর্তা বলেন, “কাজের লোক লাগবে কি না প্রশ্ন করে বাড়ির লোকজনকে কথা বলায় ব্যস্ত রাখার ফাঁকে চুরির কাজটি তারা সারছিল। এক পর্যায়ে মোবাইল চুরি করতে গিয়ে তারা ধরা পড়ে।”
এই চার বোনের বিষয়ে পুলিশের কাছে আগে থেকেই তথ্য ছিল জানিয়ে ওসি বলেন, “বাসাবাড়ি ছাড়াও শপিং মল, বাস স্ট্যান্ডসহ বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে নারীদের ব্যাগ থেকে মূল্যবান জিনিসপত্র চুরি করে একজন আরেকজনের হাতে পাচার করে দিত। আবার কখনও কখনও অন্য জেলাতেও পালিয়ে যেত। ফলে তারা ধরা ছোঁয়ার বাইরে থেকে গেছে।”
