ভোট ইভিএমে না ব্যালটে, সেটা বড় কথা নয়: সিইসি
সিইসি বলছেন, ইভিএম নিয়ে রাজনৈতিক সঙ্কট প্রকট হবে বলে তারা মনে করছেন না।
ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএমে ভোটগ্রহণের চেয়েও দেশের রাজনৈতিক পরিমণ্ডলে আরও ‘বড় সঙ্কট’ রয়েছে মন্তব্য করে সেই সমস্যার সমাধানের উপর জোর দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।
বুধবার নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে তিনি সাংবাদিকদের বলেন, “আমাদের জন্য যেটা প্রয়োজন, ইভিএমে ভোট করলাম কি করলাম না, সেটা নয়; নির্বাচনটা সঠিক, অবাধ, নির্বিঘ্ন হল কিনা- সেটা ইভিএমে হোক, ব্যালটে হোক, সেটা হওয়াটা বড় কথা।
“কাজেই বড় ধরনের সঙ্কট ওখানে নয়; আপনারাও জানেন, ওই সঙ্কট নিরসন হলে নির্বাচনটা সুন্দরভাবে উঠে আসবে।”
হাবিবুল আউয়ালের নির্বাচন কমিশন গত ২৩ অগাস্ট এক বৈঠকে আগামী জাতীয় নির্বাচনে সর্বোচ্চ দেড়শ আসনে ইভিএমে ভোট করার সিদ্ধান্ত নেওয়ার পর থেকে পক্ষে-বিপক্ষে আলোচনা চলছে।
রাজনৈতিক ‘ঐকমত্য ছাড়া’ জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহারের সিদ্ধান্তকে ‘অযৌক্তিক’ আখ্যায়িত করে মঙ্গলবার নির্বাচন কমিশনকে সরে আসার আহ্বান জানিয়েছেন দেশের ৩৯ নাগরিক।
এক যৌথ বিবৃতিতে তারা বলেন, প্রোগ্রামিংয়ের মাধ্যমে ইভিএমের ফলাফল নিয়েও ‘কারসাজি’ করা যায়। এছাড়া মাঠ পর্যায়ে নিয়োজিত কারিগরি টিমও নির্বাচনী ফল ‘বদলে দিতে পারে’।
“আমরা মনে করি, কমিশনের এ সিদ্ধান্ত অযৌক্তিক। এটি রাজনৈতিক বিতর্ককে আরও উসকে দেবে এবং কমিশনের বর্তমান আস্থার সংকটকে আরও প্রকট করে তুলবে।”
তবে ইভিএম নিয়ে কোনোভাবেই রাজনৈতিক সঙ্কট ‘প্রকট হবে না’ বলে মনে করছেন প্রধান নির্বাচন কমিশনার।
বুধবার তিনি সাংবাদিকদের বলেন, “রাজনৈতিক সঙ্কট হতে পারে- এটা আমি জানি না। ইভিএম নিয়ে যদি কোনো রাজনৈতিক সঙ্কট হয়, সংকট মোকাবেলার ব্যবস্থা নিতে হবে। আমরা ইভিএম নিয়ে কোনো সঙ্কট দেখছি না।”
সিইসির ভাষ্য, “আমরা বরং রাজনৈতিক পরিমণ্ডলে যে সঙ্কটগুলো দেখছি, সেই সঙ্কটটা ইভিএম নিয়ে নয়, আরও মোটা দাগের সঙ্কট। আমরা আশা করি, দোয়া করি, এ সংকটগুলো কেটে যাক।
“সঙ্কট কেটে গিয়ে যদি রাজনৈতিক সমঝোতার মাধ্যমে ফায়সালা হয় সব ভোট ব্যালটে হবে, হান্ড্রেট পার্সেন্ট সমঝোতায় হয়, অসুবিধা কি? তখন আমরা সিদ্ধান্ত নেব, সব দল যখন নির্বাচনে আসছে, তাহলে সেটা ভালো উদ্যোগ।”
ইভিএম দেখে অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল কী বলেছিলেন, সে কথা তুলে ধরে সিইসি বলেন, “জাফর ইকবাল বলেছিলেন এটা খুব জটিল মেশিন নয়। ওই হিসেবে বলছেন যে এটা দুর্বল যন্ত্র।
“যন্ত্র দুর্বল কি সবল এটা আমার বিবেচনা করার বিষয় নয়। সবল হওয়ারও দরকার নেই, দুর্বল হওয়ারও দরকার নেই। যন্ত্র কাজ করছে কিনা, এটাই আসল বিষয়।"
নির্বাচন কমিশন গত কয়েক বছরে ‘হাজার হাজার নির্বাচনে হাজার হাজার ইভিএম’ ব্যবহার করেছে মন্তব্য করে সিইসি বলেন, “আমাদের যন্ত্রে ম্যালফাংশন করেছে- এমনটি ঘটেনি।”
তিনি বলেন, "সব দলকে প্রযুক্তিবিদ নিয়ে এসে যাচাই করে দেখতে বলেছি। আমরাও ওদের কথা আমলে নিয়ে পরীক্ষা করেছি। বাজারে যে কথা চালু রয়েছে, ডিজিটাল জালিয়াতির পক্ষে আমরা কোনো প্রমাণ পাইনি।"
ইভিএম নিয়ে আর্থিক সংকটের বিষয়টি মন্ত্রণালয় দেখবে বলে মন্তব্য করেন সিইসি। তিনি বলেন, “একটা সুন্দর, সুষ্ঠু নির্বাচনের জন্য আমার এটা লাগবে, সরকার যদি বলে পয়সা দিতে পারবে না, আমরা তো জোরাজুরি করব না দেশের মানুষকে আর্থিক সঙ্কটে ফেলে।"
“সিদ্ধান্ত হয়েছে ১৫০টি ইভিএমে করার, আর ১৫০টি আসনে ব্যালটে ভোট করার; কোনো পরিবর্তন করতে হলে আমাদের পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করতে হবে।”
আরও খবর
