Published : 10 Jan 2024, 04:33 PM
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৪ আসনের ফল স্থগিত করে হাই কোর্টের দেওয়া আদেশ আটকে দিয়েছে আপিল বিভাগের চেম্বার আদালত।
সেই সঙ্গে ওই আসনে বিজয়ী স্বতন্ত্র প্রার্থী আওলাদ হোসেনের শপথের আয়োজন করতে নির্দেশ দেওয়া হয়েছে সংসদ সচিবালয়ের সচিবকে।
আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম বুধবার এ আদেশ দেন।
আওলাদ হোসেনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী খুরশীদ আলম খান। নির্বাচন কমিশনের পক্ষে শুনানি করেন খান মোহাম্মদ শামীম আজিজ।
পরাজিত নৌকার প্রার্থী সানজিদা খানমের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এবিএম আলতাফ হোসেন, মোতাহার হোসেন সাজু ও শাহ মঞ্জুরুল হক।
আদেশের পর খুরশীদ আলম খান সাংবাদিকদের বলেন, “দ্বাদশ সংসদ নির্বাচনের ফলাফলকে চ্যালেঞ্জ করে সানজিদা খানম হাই কোর্টে রিট করেছিলেন। হাই কোর্ট নির্বাচনের ফলাফল স্থগিত করেছিল। আমরা এর বিরুদ্ধে আপিল ফাইল করি।
“আদালত আমাদেরকে শুনেছেন। তাদেরকেও শুনেছেন। উভয়পক্ষকে শুনে আদেশ দিয়েছেন। আদেশে নির্বাচন কমিশনের সচিবকে বিজয়ী প্রার্থীকে শপথ পড়ানোর ব্যবস্থা করতে নির্দেশ দিয়েছেন।”
খুরশীদ আলম খান বলেন, “হাই কোর্টের আদেশে আট সপ্তাহের স্থগিতাদেশ দিয়েছে চেম্বার আদালত। ইতোমধ্যে আমাদেরকে লিভ টু আপিল ফাইল করতে বলেছে। আমরা আজকে আপিল ফাইল করব।”
গত রোববারের নির্বাচনে ঢাকা-৪ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী সানজিদা খানমকে পরাজিত করে বিজয়ী হন ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আওলাদ হোসেন।
আওলাদ হোসেন পান ২৪ হাজার ৭৭৫ ভোট। আর সানজিদা খানম নৌকা প্রতীক নিয়ে ২২ হাজার ৫৭৭ ভোট পান।
এই ফলাফলকে চ্যালেঞ্জ করে সানজিদা খানম রিট আবেদন করলে হাই কোর্ট এ আসনের ফলাফল স্থগিত করে।
সেই সঙ্গে ১৮টি কেন্দ্রে অনিয়মের অভিযোগ ১০ দিনের মধ্যে তদন্তের নির্দেশ দেয় হাই কোর্ট। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত গেজেটে স্বতন্ত্র প্রার্থী আওলাদ হোসেনের নাম না রাখার নির্দেশ দেওয়া হয়।
বুধবার হাই কোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে আবেদন করে নিজের পক্ষে আদেশ পেলেন বিজয়ী প্রার্থী আওলাদ হোসেন।
পুরনো খবর: