২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৃষ্টি ঝরছেই, ফের তলিয়েছে রাজধানীর সড়ক

কেবল ঢাকায় নয়, সারা দেশের জীবনযাত্রাই স্থবির করে দিয়েছে অক্টোবরের প্রথম সপ্তাহের অস্বাভাবিক বৃষ্টি। জেলায় জেলায় জলমগ্ন হয়ে গেছে সড়ক ও লোকালয়, পুকুর ডুবে ভেসে গেছে মাছ।

বৃষ্টি ঝরছেই, ফের তলিয়েছে রাজধানীর সড়ক

শুক্রবার রাতের বৃষ্টিতে ঢাকার মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প এলাকার সড়কে জমে থাকা পানিতে চলছে যানবাহন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2023, 01:16 AM

Updated : 07 Oct 2023, 01:19 AM

রাজধানীতে অঝোর ধারা বর্ষণ অব্যাহত রয়েছে।

শুক্রবার সন্ধ্যার পর থেকে একটানা ভারি বর্ষণে মহানগরীর অনেক জায়গায় জলজটের সৃষ্টি হয়েছে। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় সড়কে মানুষের চলাচল কম। তবে যাদের বের হতে হয়েছে, তারা পড়েছেন ভোগান্তিতে।

আবহাওয়া অধিপ্তরের তথ্য বলছে, সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত ৯৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে ঢাকায়।

আবহা্ওয়াবিদ ওমর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, গত ৩০ ঘন্টায় রাজধানীতে বৃষ্টি হয়েছে ১৭৫ মিলিমিটার।

টানা দুই রাতে বৃষ্টির প্রভাবে রাজধানীর সড়কে এখানে সেখানে পানি জমে থাকতে দেখা গেছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে থেকে আগারগাঁও পর্যন্ত সড়কের বিভিন্ন অংশ পানিতে তলিয়ে ছিল। শেওড়াপাড়া থেকে কাজীপাড়া পর্যন্ত বেগম রোকেয়া সরনিতে সড়কের দুই পাশেই প্রায় কোমর সমান পানি জমে যায়। ইঞ্জিনে পানি ঢুকে কয়েকটি যানবাহন বিকল হয়ে পড়তে দেখা যায়।

আগারগাঁও থেকে মিরপুর-১০ নম্বর যেতেও যানজট সৃষ্টি হয়। যানবাহনের চাপ বেশি না থাকলেও এই রাস্তা পার হতেই ৪০ মিনিট সময় লেগে যায়।

রাত বারোটার দিকে মোহাম্মদপুর জেনেভা ক্যাম্প সংলগ্ন রাস্তায় জমে থাকা নোংরা পানিতে বিকল হয়ে পড়ে কয়েকটি যানবাহন।

সেই পানিতেই গোসল করতে নেমে যায় বেশ কয়েকটি শিশু। তারা বিকল হয়ে যাওয়া গাড়িগুলোকে ঠেলে পার করে দেয়। এ জন্য সবাই ৫০ টাকা করে নেয়। পানিতে দাপাদাপির পাশাপাশি টাকা আয়ের কারণে তাদের মুখে ছিল চওড়া হাসি।

সক্রিয় মৌসুমী বায়ু ও লঘুচাপের প্রভাবে টানা কয়েকদিন ধরে রাজধানীসহ সর্বত্র ভারি বর্ষণ চলছে।

ধানমন্ডি, নিউমার্কেট ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাতেও জমা পানিতে বিকল হয়ে পড়তে দেখা যায় অনেক গাড়িকে। নোংরা পানিতে সেসব গাড়ি ঠেলতে রাস্তায় নেমে পড়েন চালক ও যাত্রীরা।

কেবল ঢাকায় নয়, সারা দেশের জীবনযাত্রাই স্থবির করে দিয়েছে অক্টোবরের প্রথম সপ্তাহের অস্বাভাবিক বৃষ্টি। জেলায় জেলায় জলমগ্ন হয়ে গেছে সড়ক ও লোকালয়, পুকুর ডুবে ভেসে গেছে মাছ।

শুক্রবার দেশের সর্বোচ্চ ৪৭৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কিশোরগঞ্জের নিকলীতে। গত পাঁচ দশকে একদিনে দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড এটি।

বৃহস্পতিবার ময়মনসিংহে ৩৭৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। পরদিন শুক্রবার সে রেকর্ডও পার হয়ে গেল।

আবহাওয়াবিদ ওমর ফারুক জানান, লঘুচাপের প্রভাব ও মৌসুমী বায়ু সক্রিয় থাকায় দেশের বিভিন্নস্থানে টানা ভারি বর্ষণ হচ্ছে। শনিবার থেকে অন্যান্য এলাকায় বৃষ্টিপাতের প্রবণতা কমে এলেও সিলেট-ময়মনসিংহ অঞ্চলে অব্যাহত থাকবে। কয়েকদিন পর সারাদেশের বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে কমে আসবে।