মরক্কোতে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হারুন আল রশিদ
উত্তর আফ্রিকার দেশটিতে মোহাম্মদ শাহাদাত হোসেনের স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি।
কানাডায় উপ হাই কমিশনারের দায়িত্ব পালন করে আসা কূটনীতিক মোহাম্মদ হারুন আল রশিদকে মরক্কোতে রাষ্ট্রদূত করে পাঠাচ্ছে সরকার।
বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে ২০তম বিসিএসের পররাষ্ট্র ক্যাডারের এ কর্মকর্তাকে নতুন দায়িত্বে পাঠানোর কথা জানানো হয়।
উত্তর আফ্রিকার দেশ মরক্কোতে রাষ্ট্রদূত মোহাম্মদ শাহাদাত হোসেনের স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি।
২০০১ সালে ফরেন সার্ভিসে যোগ দেওয়া হারুন এর আগে রোম, কায়রো, মেক্সিকো সিটি ও মাদ্রিদে বিভিন্ন কূটনৈতিক দায়িত্বে ছিলেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিভিন্ন পদ সামলানোর ধারাবাহিকতায় জনকূটনীতি অনুবিভাগে মহাপরিচালকের দায়িত্ব পালনের সময় অটোয়া মিশনে পাঠানো হয় তাকে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগ থেকে পাস করা হারুনের বেশ কয়েকটি প্রকাশিত বই রয়েছে।
