এই বিজয় গণতন্ত্রেরও: শেখ হাসিনা
নতুন মন্ত্রিসভার সদস্যদের নিয়ে তিনি বঙ্গবন্ধু ও বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।
বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখার অঙ্গীকার করেছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
টানা চতুর্থবার সরকার গঠনের পরদিন শুক্রবার সকাল ১১টায় বঙ্গবন্ধুকন্যা তার নতুন মন্ত্রিসভার সদস্যদের নিয়ে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
বাসস জানিয়েছে, সেখানকার দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করার সময় শেখ হাসিনা লিখেছেন, ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করেছে।
“এই বিজয় জনগণের বিজয়। এ বিজয় গণতন্ত্রের বিজয়।”
বঙ্গবন্ধুর স্বপ্নের ‘সোনার বাংলা’ গড়ার অঙ্গীকারও ব্যক্ত করেন পাঁচবারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
“বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত থাকবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ক্ষুধা, দারিদ্র্যমুক্ত সোনার বাংলা গড়ে উঠাব ইনশাল্লাহ।”
এর আগে সকালে প্রধানমন্ত্রী তার নতুন মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে নিয়ে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। এ বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা ও প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা উপস্থিত ছিলেন।
গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮টি আসনের মধ্যে আওয়ামী লীগ ২২২টি আসন পেয়ে নিরঙ্কুশ বিজয় অর্জন করে। তার তিন দিন বাদে শেখ হাসিনা পঞ্চম মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। তার নতুন মন্ত্রিসভার ২৫ জন মন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রীও সেদিন শপথ নেন।
