যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক যুদ্ধাপরাধী গ্রেপ্তার
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২০ ফেব্রুয়ারি মো. ফখরুজ্জামানসহ পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়।
একাত্তরের মানবতাবিরোধী অপরাধে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ময়মনসিংহের এক পলাতক আসামিকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট-এটিইউ।
মঙ্গলবার মধ্যরাতে রাজধানীর গোড়ান এলাকা থেকে মো. ফখরুজ্জামান নামের ৬৬ বছর বয়সী ওই ব্যাক্তিকে গ্রেপ্তার করা হয় বলে এটিইউ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২০ ফেব্রুয়ারি মো. ফখরুজ্জামানসহ পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। মু্ক্তিযুদ্ধের সময় হত্যা, গুম ও অপহরণের মত মানবতাবিরোধী অপরাধের জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় এই দণ্ড দেওয়া হয় তাদের।
বাকি চার আসামি হলেন মো. হরমুজ আলী, মো. আব্দুস সাত্তার, খন্দকার গোলাম রাব্বানী ও খন্দকার গোলাম সাব্বির আহমেদ। তাদের মধ্যে ছাব্বির এখনও পলাতক, বাকিরা কারাগারে আছেন।
২০১৫ সালের ১৯ মে ময়মনসিংহের ত্রিশালের শহীদ মুক্তিযোদ্ধা আবদুর রহমানের স্ত্রী রহিমা খাতুন এই মামলাটি দায়ের করেন। ময়মনসিংহের ১ নম্বর আমলি আদালতের বিচারক পরে মামলাটি ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠিয়ে দেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা মতিউর রহমান ২০১৫ সালের ২৮ জুলাই থেকে ২০১৭ সালের ১১ জুলাই পর্যন্ত তদন্ত করেন। ওই বছরের অক্টোবরে প্রসিকিউশনের আবেদনে মামলার ৮ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল।
২০১৬ সালের ১১ জুলাই তদন্ত সংস্থা আটজনের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করে ট্রাইব্যুনালে। তাদের মধ্যে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছিল। বিচার চলার মধ্যেই কারাগারে তাদের তিনজন মারা যান। এরা হলেন, জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য এমএ আব্দুল হান্নান, তার ছেলে মো. রফিক সাজ্জাদ ও মিজানুর রহমান মিন্টু।
গ্রেপ্তার যুদ্ধাপরাধী মো. ফখরুজ্জামানকে ময়মনসিংহের কোতয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে এটিইউ জানিয়েছে।
