বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতিকে গার্ড অব অনার
দায়িত্বের প্রথম দিন সাভার স্মৃতিসৌধ, ধানমণ্ডির ৩২ নম্বর এবং কেন্দ্রীয় শহীদ মিনারে যাবেন রাষ্ট্রপ্রধান।
বঙ্গভবনে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের গার্ড অব অনারে সালাম গ্রহণের মধ্য দিয়ে প্রথম দিনের কর্মসূচি শুরু করেছেন নতুন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বঙ্গভবনের ক্রেডেনশিয়াল মাঠে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের সুসজ্জিত একটি দল রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দেয়। রাষ্ট্রপতি গার্ড পরিদর্শন করেন।
দেশের দ্বাবিংশতম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর এটি ছিল বঙ্গভবনে রাষ্ট্রপতিকে বরণ করে নেওয়ার আনুষ্ঠানিকতা।
রাষ্ট্রপতি কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এসএম সালাহউদ্দিন ইসলাম, প্রেস সচিব জয়নাল আবেদীন, সচিব (সংযুক্ত) ওয়াহিদুল ইসলাম খানসহ কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
সোমবার সকাল ১১টায় বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন মো. সাহাবুদ্দিন। জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমীন চৌধুরী তাকে শপথ বাক্য পাঠ করান।
এরপর গুলশানের বাসা ছেড়ে রাত পৌনে ৯টায় রাষ্ট্রপতি সপরিবারে বঙ্গভবনে ওঠেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দিনের কর্মসূচি অনুযায়ী বেলা সাড়ে ১১টায় সাভারে জাতীয় স্মৃতিসৌধে গিয়ে স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপ্রধান।
এরপর তিনি ধানমণ্ডির ৩২ নম্বর সড়কে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন।
কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের স্মৃতির প্রতিও সন্মান জানাবেন রাষ্ট্রপতি।
