২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮ আশ্বিন ১৪৩৩

কুড়িলে অষ্টম শ্রেণির ছাত্রী নিখোঁজ, জিডি

পরিবারের সদস্যরা বলেছেন, বাসা থেকে বের হয়ে যাওয়ার সময় ওই ছাত্রী কোনো গহনা বা দামি জিনিসপত্র নিয়ে যাননি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 23 Sep 2026, 05:17 PM

Updated : 23 Sep 2026, 05:17 PM

ঢাকার কুড়িল চৌরাস্তা এলাকা থেকে অষ্টম শ্রেণির এক ছাত্রীর নিখোঁজ হওয়ার কথা বলেছে পরিবার।

এ ঘটনায় মঙ্গলবার ভাটারা থানায় একটি জিডি হয়েছে।

নিখোঁজ ছাত্রী কুড়িল জোয়ার সাহারা জসীমউদ্দীন ইনস্টিটিউটে পড়ে। সোমবার সন্ধ্যা ৭টার দিকে সে বাসা থেকে বের হয় বলে পরিবারের ভাষ্য।

ওই ছাত্রীর ভাই বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিখোঁজ হওয়ার দুই দিন আগে লেখাপড়া নিয়ে তাকে বকাঝকা করা হয়েছিল।

“সোমবার সন্ধ্যা ৭টার দিকে সে বাসা থেকে বের হয়। পরে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। পরের দিন ভাটারা থানায় জিডি করি। ও কোনো ফোন ব্যবহার করত না।”

তিনি বলেন, বাসা থেকে বের হওয়ার সময় তার বোনকে সিসিটিভি ক্যামেরায় দেখা গেছে। সে কোনো গহনা বা টাকাপয়সা নেয়নি।

কারো সঙ্গে সম্পর্ক ছিল কি না জানতে চাইলে তার ভাই বলেন, এ বিষয়ে পরিবারের কোনো কিছু জানা নেই।

ভাটারা থানার এসআই আব্দুল কাদের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সব থানায় তারবার্তা পাঠানো হয়েছে।

“ওই ছাত্রী কোনো মোবাইল ফোন ব্যবহার করত না। তবে তার মা বা পরিবারের অন্য কারও ফোন থেকে কারও সঙ্গে যোগাযোগ করেছিল কিনা, তা কল ডিটেইলস রেকর্ড (সিডিআর) সংগ্রহের পর জানা যেতে পারে।”