১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

কারিগরি ত্রুটিতে মেট্রোরেল ছুটল ৪০ মিনিট দেরিতে, ভোগান্তি

সিগনাল ড্রপের কারণে এ সমস্যা তৈরি হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

কারিগরি ত্রুটিতে মেট্রোরেল ছুটল ৪০ মিনিট দেরিতে, ভোগান্তি

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2023, 04:28 PM

Updated : 07 Aug 2023, 04:28 PM

দিনের শুরুতে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় ঢাকার মেট্রোরেল ছেড়েছে ৪০ মিনিট বাদে, তাতে ভোগান্তিতে পড়তে হয়েছে স্কুল-কলেজ ও অফিসগামীদের। 

নির্ধারিত সময় সকাল ৮টার বদলে সোমবার এই বৈদ্যুতিক ট্রেন ছাড়ে ৮টা ৪০ মিনিটে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) উপ-মহাব্যবস্থাপক (প্রশাসন) নাজমুল ইসলাম ভূঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মেট্রোরেল মূলত অটোমেটিক সিগন্যালে চলে, আজকে সকালে সিগন্যাল ড্রপ হয়েছিল। 

“পরে পুরো সিগন্যাল নতুন করে রান করা হয়েছে, যার জন্য পুরো ট্র্যাক চেইঞ্জ করে সিস্টেম রান করতে ৪০ মিনিট লেগেছে। পরে সকাল ৮টা ৪০ মিনিটে ট্রেন চলতে শুরু করে।" 

হঠাৎ করে এ দিন দেরিতে ট্রেন ছাড়ায় অফিস, স্কুল-কলেজ ও অন্যান্য কাজে বের হওয়া মেট্রোরেল ব্যবহারকারীদের ভোগান্তির মুখে পড়তে হয়। 

উত্তরার দিয়াবাড়ি এলাকার বাসিন্দা, স্কুল শিক্ষক আশরাফুল ইসলাম জানান, তিনি স্কুলের প্রথম ক্লাস নিতে পারেননি। 

“আমি মিরপুরের একটি স্কুলে পড়াই, সকাল ৯টায় আমার ক্লাস শুরু হয়, আজকে ট্রেন থেকে নেমে ক্লাসে যেতে ২০ মিনিট দেরি হয়েছে।" 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছরের ২৮ ডিসেম্বর মেট্রোরেলের উত্তরা উত্তর স্টেশন থেকে আগারগাঁও পর্যন্ত অংশে ট্রেন চলাচলের উদ্বোধন করেন। পরদিন থেকেই যাত্রী চলাচল শুরু হয় দেশের প্রথম এই বৈদ্যুতিক ট্রেনে। পরে ধাপে ধাপে এই পথের মাঝের নয়টি স্টেশন খুলে দেওয়া হয়।

দ্বিতীয় ধাপে আগারগাঁও-মতিঝিল অংশে পরীক্ষামূলক যাত্রা শুরু হয়েছে গত ৭ জুলাই। আগামী অক্টোবরের শেষ সপ্তাহে এ অংশেও যাত্রী পরিবহন শুরু হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।