কর কর্মকর্তা অপহরণে চাকরিচ্যুত গাড়িচালক ছাড়াও সাবেক স্বামীর নাম
র্যাব জানায়, গত ১ অগাস্ট মাসুদকে চাকরি থেকে অব্যাহতি দেন মাসুমা। এতে তার প্রতি ক্ষোভ জন্ম হয়। এটি কাজে লাগান সাবেক স্বামী হারুন অর রশিদ।
জাতীয় রাজস্ব বোর্ডের যুগ্ম কর কমিশনার মাসুমা খাতুনকে অপহরণ করে নির্যাতনের নেপথ্যে তার চাকরিচ্যুত গাড়িচালক ছাড়াও তার সাবেক স্বামী জড়িত ছিলেন বলে জানিয়েছে র্যাব।
দুই সহযোগীসহ গাড়িচালককে গ্রেপ্তার করে বাহিনীটি জানিয়েছে, এই দুই জনের ক্ষোভের শিকার হয়েছেন সরকারি ওই নারী কর্মকর্তা।
শুক্রবার রাতে গাজীপুরের শ্রীপুর ও রাজধানীর সবুজবাগ এলাকায় অভিযান চালিয়ে গাড়িচালক মাসুম ওরফে মাসুদ এবং তার দুই সহযোগী আব্দুল জলিল পনু ও হাফিজ শাহীনকে গ্রেপ্তার করা হয়।
শনিবার কারওয়ানবাজারে বাহিনীর মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানান র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
তিনি জানান, ব্যক্তিগত শৃঙ্খলাজনিত কারণে গত ১ অগাস্ট মাসুদকে চাকরি থেকে অব্যাহতি দেন মাসুমা। এতে তার প্রতি ক্ষোভ ও আক্রোশের জন্ম নেয় মাসুদের। এই সুযোগটি যুগ্ম কর কমিশনারের প্রথম স্বামী হারুন অর রশিদ কাজে লাগান।
মাসুদকে উদ্ধৃত করে কমান্ডার আল মঈন বলেন, “তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়ার পর হারুন অর রশিদ তার সঙ্গে যোগাযোগ করেন এবং যুগ্ম কর কমিশনারকে উচিত শিক্ষা দিতে রাজধানীর হাতিরঝিল এলাকার একটি বাসায় নিয়ে যাওয়ার জন্য মাসুদকে বিপুল পরিমাণ অর্থ ও উন্নত জীবনের প্রলোভন দেখায়।”
তবে সংবাদ সম্মেলনে হারুনের বিষয়ে বিস্তারিত কিছু জানান হয়নি। এ বিষয়ে এক প্রশ্নে র্যাব কর্মকর্তা মঈন বলেন, “আমরা তার কথা শুনেছি আসামিদের কাছ থেকে। এদেরকে থানায় হস্তান্তর করা হবে। তদন্ত কর্মকর্তা বিষয়টি যাচাই করে দেখবেন।”
যেভাবে অপহরণ
সংবাদ সম্মেলনে জানানো হয়, মাসুদকে এই কাজ করতে আগাম ৭০ হাজার টাকাও দেন হারুন। এরপর মাসুদ গত ১৫ অগাস্ট রাজধানীর সবুজবাগ এলাকায় গিয়ে সহযোগী হাফিজ শাহীন, আব্দুল জলিল পনু, ইয়াসির আরাফাত রাজু, আবু বক্কর সিদ্দিক সাব্বির, সাইফুল ইসলাম ও শান্তকে পরিকল্পনার কথা জানিয়ে টাকা ভাগ করে দেন।
পরিকল্পনা অনুযায়ী ১৭ আগস্ট রাত ৮টার দিকে অপহরণকারী দলটি রাজধানীর বেইলি রোড এলাকায় অবস্থান নেয়। রাত সোয়া ৮টার দিকে মগবাজার থেকে গাড়িতে করে যুগ্ম কর কমিশনার সেখানে পৌঁছালে একটি মোটরসাইকেল ও একটি রিকশা দিয়ে গতিরোধ করা হয়।
গাড়ির চালক মোটরসাইকেল ও রিকশা সরাতে গাড়ি থেকে নামলে তাকে মারধর করে মাসুদ চালকের আসনে বসে গাড়ির নিয়ন্ত্রণ নিয়ে নেন। একই সময়ে পনুসহ তার অন্য সহযোগীরা গাড়িতে উঠে বসেন। মাসুদ গাড়িটি নিয়ে হাতিরঝিলের দিকে যাওয়ার সময় অপহরণের কথা হারুনকে জানান।
হারুন হাতিরঝিলে একটি বাসার ঠিকানা দিয়ে সেখানে নিয়ে যাওয়ার কথা বলেন। কিন্তু সেই বাসার প্রধান ফটক বন্ধ পেয়ে মাসুদ গাড়ি নিয়ে বিভিন্ন এলাকায় ঘুরে সময়ক্ষেপণ করতে থাকেন।
রাত ১২টার দিকে নারায়ণগঞ্জের কাচপুর এলাকায় পরিচিত একটি গ্যারেজে গাড়ি নিয়ে যান মাসুদ। সেখানে গিয়ে তিনি ৫০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করেন। এরই মধ্যে কর কর্মকর্তার কাছ থেকে নগদ দেড় লাখ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়।
অপহরণের পর বন্দি থাকার সময় নির্যাতনে মাসুমার পা ভেঙে যায়। তার চোখও মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়।
তার করা মামলায় বলা হয়, “মুখ টেপ দিয়ে আটকে রাতভর মারধর করা হয়। পরদিন দুপুর ২টা পর্যন্ত তাকে আটকে রেখে নির্যাতন চলে।”
যেভাবে উদ্ধার
র্যাবের ভাষ্য, ১৮ অগাস্ট সকালে হারুনের সঙ্গে যোগাযোগ করে ওই গ্যারেজ থেকে বের হয়ে মাসুদ যান রাজধানীর মাদারটেক এলাকায়। সেখানে জুমার নামাজের জন্য অপেক্ষা করতে থাকেন তিনি। তার সহযোগীদের মধ্যে কয়েকজন খাবার খেতে গেলে অন্যরা পাহারায় থাকেন।
এ সময় সুযোগ বুঝে মাসুমা ‘বাঁচাও’, ‘বাঁচাও’ বলে চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন সাইফুল ইসলাম, আবু বক্কর সিদ্দিক সাব্বির ও ইয়াছিন আরাফাত রাজুকে আটক করে। তখন অন্যরা পালিয়ে যায়।
পরে পুলিশ এসে কর কর্মকর্তাকে তাদের হেফাজতে নেয় এবং সাইফুল, সাব্বির ও রাজুকে গ্রেপ্তার করে তাদের কাছ থেকে ভুক্তভোগীর ল্যাপটপ ও মোবাইল ফোন উদ্ধার করে।
