১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

ডেমরায় নির্মাণাধীন ভবনের লিফটের জায়গায় পড়ে ছিল শ্রমিকের লাশ

নিহতের শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে, বলছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 23 Sep 2026, 07:24 PM

Updated : 24 Sep 2026, 10:10 AM

রাজধানীর ডেমরার মুসলিম নগর এলাকায় নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা জায়গা থেকে এক নির্মাণশ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে।

বুধবার বিকালে তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে ডেমরা থানার এসআই মোহাম্মদ আহসান হাবীব জানিয়েছেন।

আব্দুস সালাম শেখ নামে ২৫ বছর বয়সি ওই নির্মাণ শ্রমিকের বাড়ি সিরাজগঞ্জ জেলার চৌহালীর দত্তকান্দা গ্রামে। ডেমরার বাদশা মিয়া রোডের নির্মাণাধীন ওই ভবনেই থাকতেন।

এসআই আহসান হাবীব বলেন, নিহতের শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

সালামকে হত্যা করা হয়েছে দাবি করে তার বাবা আব্দুল মতিন শেখ বলেন, “কারও সঙ্গে শত্রুতা ছিল না। কে বা কারা আমার ছেলেকে হত্যা করে লিফটের ফাঁকা জায়গায় মরদেহ ফেলে রেখে গেছে। আমি এই হত্যাকাণ্ডের বিচার চাই।”