২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশে ভারতের নতুন হাই কমিশনার প্রণয় বর্মা

ঢাকায় হাই কমিশনার বিক্রম কুমার দেরাইস্বামীর স্থলাভিষিক্ত হবেন প্রণয় ভার্মা।

বাংলাদেশে ভারতের নতুন হাই কমিশনার প্রণয় বর্মা

প্রণয় বর্মা

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2022, 03:35 PM

Updated : 29 Jul 2022, 07:07 PM

ভিয়েতনামে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করে আসা প্রণয় কুমার বর্মাকে হাই কমিশনার হিসাবে ঢাকায় পাঠাচ্ছে ভারত সরকার।

শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ঢাকা মিশনের দায়িত্বে হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীর স্থলাভিষিক্ত হবেন প্রণয় বর্মা।

২০২০ সালের অক্টোবর থেকে ঢাকায় দায়িত্ব পালন করে আসা দোরাইস্বামী হাই কমিশনার হয়ে লন্ডনে যাচ্ছেন বলে খবর দিয়েছে ভারতীয় গণমাধ্যম।

প্রণয় বর্মা দ্রুত সময়ের মধ্যে ঢাকা মিশনের দায়িত্ব বুঝে নেবেন বলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

ভারতীয় পররাষ্ট্র সার্ভিসের ১৯৯৪ ব্যাচের কর্মকর্তা প্রণয় বর্মা এর আগে হংকং, স্যান ফ্রান্সিসকো, বেইজিং, কাঠমান্ডু ও ওয়াশিংটন ডিসিতে ভারতীয় মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।

২০১৯ সালের জুলাইয়ে হ্যানয় দূতাবাসে রাষ্ট্রদূত হয়ে যাওয়ার আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব-এশিয়া বিভাগের যুগ্ম সচিব ছিলেন তিনি।

এর আগে ২০১৭ সাল পর্যন্ত ভারতের পরমাণু কূটনীতি নিয়ে কাজ করা অ্যাটোমিক এনার্জি বিভাগের যুগ্ম সচিবের দায়িত্ব সামলেছেন প্রণয় বর্মা।

যন্ত্রকৌশলে স্নাতক করা প্রণয় বর্মা ফরেন সার্ভিসে আসার আগে টাটা স্টিলে কর্মজীবন শুরু করেন।

যুক্তরাষ্ট্রের মিডলবারি ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্টাডিজ থেকে চীনা ভাষার উপর স্নাতকোত্তর করেছেন তিনি।