রাজধানীতে ট্রাক চাপায় দুই বাইক আরোহীর মৃত্যু
রাতে দোকানের কাজ সেরে মোটরসাইকেলে বাসায় ফিরছিলেন তারা।
রাজধানীর ধোলাইখাল এলাকায় ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী দুই জনের প্রাণ গেছে, আহত হয়েছেন একজন।
রোববার রাত সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
নিহতদের মধ্যে আবুল খায়ের (৩০) ধোলাইখাল এলাকার ফার্নিচার ব্যাবসায়ী। আর সাব্বির হোসেন (২৬) ওই এলাকার একটি ফার্নিচারের দোকানের কর্মী।
আহত নাঈমও (১৭) ফার্নিচারের দোকানে কাজ করেন। তাকে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গেণ্ডারিয়া থানার এসআই মিজানুর রহমান বলেন, রাতে দোকানের কাজ সেরে এক মোটরসাইকেলে করে শ্যামপুরের ঢালকা নগর এলাকায় যার যার বাসায় ফিরছিলেন তিনজন। মোটরসাইকেল চালাচ্ছিলেন আবুল খায়ের।
“ধোলাইখাল এলাকায় একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে তিনজনই মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন। একজন জন পড়ে বাম দিকে, আর দুজন ডান দিকে। ট্রাকটি ডান দিকে পড়া দুজনকে চাপা দিয়ে পালিয়ে যায় “
জাতীয় জরুরি সেবার নম্বর ৯৯৯ এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং মরদেহ দুটি উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
আবুল খায়েরের গ্রামের বাড়ি ফরিদপুরে, আর সাব্বিরের বাড়ি গোপালগঞ্জে।
