২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধানসিঁড়ি খননে অনিয়মকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

নদীর সীমানা নির্ধারণের পাশাপাশি নদী দখলকারীদের তালিকা আদালতে দাখিলের নির্দেশ দিয়েছে আদালত।

ধানসিঁড়ি খননে অনিয়মকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

ধানসিঁড়ি নদী

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2022, 08:10 PM

Updated : 30 Oct 2022, 08:10 PM

প্রস্থ কমিয়ে ঝালকাঠির রাজাপুরে ধানসিঁড়ি নদী খননের নির্দেশদাতাদের চিহ্নিত ও তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে হাই কোর্ট।

একইসঙ্গে ধানসিঁড়ি নদীর রাজাপুরের অংশে আর যাতে মাটি ভরাট ও বাঁধ নির্মাণ না করা হয়, তা নিশ্চিত করতেও বলা হয়েছে।

এছাড়া আগামী ৩০ দিনের মধ্যে সিএস ও আরএস জরিপ অনুসরণ করে নদীর সীমানা নির্ধারণের পাশাপাশি নদী দখলকারীদের তালিকা আদালতে দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

ঝালকাঠির জেলা প্রশাসক (ডিসি), পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব ও পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালককে এ নির্দেশ দিয়েছে আদালত।

এ সংক্রান্ত এক রিট আবেদনের প্রাথমিক শুনানির পর বিচারপতি মো. আশরাফুল কামাল ও বিচারপতি মো. সোহরাওয়ার্দীর বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাঈনুল হাসান।

ধানসিঁড়ি নদী দখলকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে প্রশাসনিক নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না, অবৈধ দখলকারীদের উচ্ছেদের নির্দেশ ও প্রকৃত সীমানা অনুসারে ধানসিঁড়ি নদী খননের নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে রুলে।

পরিবেশ সচিব, পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব, স্থানীয় সরকার সচিব, পরিবেশ অধিদপ্তর ও পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক, ঝালকাঠির জেলা প্রশাসক, পুলিশ সুপার ও ঝালকাঠি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী, ভূমি কর্মকর্তা ও রাজাপুর থানার ওসিকে ৪ সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

নদীর প্রস্থ কমিয়ে সরু খালের মতো ধানসিঁড়ি খনন নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবর-প্রতিবেদন যুক্ত করে গত ২৫ অক্টোবর এ রিট আবেদনটি করা হয়। মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) পক্ষে জনস্বার্থে আবেদনটি করা হয়।

আইনজীবী মনজিল মোরসেদ সাংবাদিকদের বলেন, “চোখের সামনে ধানসিঁড়ি ভরাট দখল হলেও চোখ বুঁজে রয়েছে স্থানীয় প্রশাসন। শুধু তাই নয়, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা প্রশস্ত ধানসিঁড়ির প্রস্থ কমিয়ে খননের ব্যবস্থা করে অবৈধ দখলকারীদের সুযোগ করে দিয়েছে। তাদের এ কর্মকাণ্ড পরিবেশ সংরক্ষণ আইন, জলাধার সংরক্ষণ আইন, সংবিধান এবং সরকারি নীতির পরিপন্থি।”

রিট আবেদনে যুক্ত করা একটি দৈনিকের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ১৯১০ সালের সিএস নকশা অনুযায়ী ৩৬০ দাগে রাজাপুরের বাগড়ি অংশে এ নদীর মোহনার প্রস্থ ছিল ৫৬৭ ফুট। এ নদীর মোহনায় তখন ছিল দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় বন্দর, ভিড়ত বড় বড় জাহাজ। এখান থেকে কলকাতায় সরাসরি জাহাজ চলাচল করত।

এরপর ১৯৪৭ সালে দেশভাগের পর ১৯৫০ সালে পাকিস্তান সরকারের জরিপে ১ নম্বর দাগে ধানসিঁড়ি নদীর মোহনার প্রস্থ পাওয়া যায় ২০০ ফুট। এই জরিপের নকশা এখনও চলমান। অথচ নদীটির বর্তমান অবস্থা ‘যায় যায়’।

ঝালকাঠি পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তথ্যের বরাত দিয়ে প্রতিবেদনে আরও বলা হয়েছে, সরকারের ডেল্টা প্ল্যান অনুযায়ী ৬৪ জেলার অভ্যন্তরে ছোট নদী ও খাল খনন প্রকল্পের আওতায় ধানসিঁড়ি নদীটি ২০১৮-১৯ অর্থবছরে ২ বছর মেয়াদে ২ কিস্তিতে সাড়ে ৮ কিলোমিটার পুনঃখননের জন্য প্রায় ৪ কোটি ৪৯ লাখ ৩৮ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়।

২০১৯ সালের মার্চে ১০ কিলোমিটার দৈর্ঘ্যের নদীটি ঝালকাঠি সদর উপজেলার গাবখান নদীর মোহনা থেকে দেড় কিলোমিটার বাদ দিয়ে রাজাপুরের বাগড়ি বাজারের জাঙ্গালিয়া নদীর মোহনা পর্যন্ত মোট সাড়ে ৮ কিলোমিটার খনন শুরু হয়।

প্রকল্পের কার্যাদেশে নদীর উপরে প্রস্থ ৮০ ফুট, সমতল থেকে নদীর গভীরতা ১৫ ফুট ও নদীর তলদেশে প্রস্থ ২০ ফুট ধরা হয়। কার্যাদেশে আরও উল্লেখ করা হয়, নদীর তলদেশ থেকে মাটি কেটে পাড় থেকে দূরে সরিয়ে নিতে হবে। কিন্তু তখন খননকাজে পাউবোর তদারকি না থাকায় ঠিকাদার অনিয়মের মাধ্যমে কাজ শেষ করে। পরে বর্ষা মৌসুমে খনন করে রাখা নদীর পাড়ের মাটি পড়ে তলদেশ ভরাট হয়ে যায়। তখন ঠিকাদারি প্রতিষ্ঠান ছিল ঢাকার পুরানা পল্টনের আরএবি-পিসি (প্রা.) লিমিটেড ও মৈত্রী (প্রা.) লিমিটেড।

এর আগে ২০১০-১১ অর্থবছরে প্রায় ৮৪ লাখ টাকা ব্যয়ে ধানসিঁড়ি নদীটি খনন করা হয়েছিল, যা পরে কোনো কাজে আসেনি বলে ওই প্রতিবেদনে বলা হয়।

২০২১-২২ অর্থবছরে ধানসিড়ি খননের জন্য পুনরায় পাউবো প্রস্তাব পাঠালে নতুন করে নদীর তলদেশ খননের জন্য ১ কোটি ৯৯ লাখ টাকা বরাদ্দ আসে। এবার কাজ পান পটুয়াখালীর ঠিকাদার আবুল কালাম আজাদ। তিনি ১৫ দিন আগে ধানসিঁড়ি নদীর তলদেশ খননের কাজ শুরু করেন। আগের মতো এবারও মাটি কেটে নদীর পাড়েই রাখা হচ্ছে।