ভিডিওকলের ফাঁদ: কর্মকর্তা-রাজনীতিকদের ‘ব্ল্যাকমেইল’, তরুণী গ্রেপ্তার
অশ্লীল ভিডিও ধারণের পর তা ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ওই তরুণী মোটা অংকের চাঁদা দাবি করতেন, জানায় সিআইডি।
ভিডিওকলে নিয়মিত যুক্ত হয়ে একান্ত মুহূর্তের ছবি ও ভিডিও ধারণ করে পরে বিভিন্নজনকে ‘ব্ল্যাকমেইল’ করে অর্থ আদায়ের অভিযোগে নারায়ণগঞ্জ থেকে এক তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
বুধবার পুলিশের এ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার নারায়ণগঞ্জের ফতুল্লা বাসস্ট্যান্ড এলাকা থেকে ২৪ বছরের ওই তরুণীকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে এসব কাজে ব্যবহৃত মোবাইল ফোন ও ভিডিও কনটেন্ট উদ্ধার করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, উচ্চবিত্ত পরিবারের সন্তান, ‘বিশেষ’ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাসহ রাজনীতিবিদদের লক্ষ্য করে ফেইসবুকে বন্ধুত্ব করতেন ওই তরুণী। এরপর ভিডিওকলে নিয়মিত যুক্ত করতেন তাদের। একান্ত মুহূর্তের ছবি ও ভিডিও ধারণ করে পরে ব্ল্যাকমেইল করতেন।
এতে বলা হয়, অশ্লীল ভিডিও ধারণ এবং ব্ল্যাকমেইলের ফাঁদে ফেলে মোটা অংকের চাঁদা দাবি করতেন। নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা দিতে না পারলে এসব ছবি-ভিডিও তাদের স্বজনসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘ভাইরাল করার’ হুমকি দিতেন।
গত কয়েক বছরে অসংখ্য লোকজনকে শিকার বানিয়ে প্রচুর টাকা পয়সা হাতিয়ে নেন এ তরুণী। সবশেষ পল্টন থানায় এক ভুক্তভোগীর করা পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলায় তাকে গ্রেপ্তারে নামে সিআইডি।
গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদের তথ্য অনুযায়ী সিআইডি জানায়, ওই তরুণী ঢাকার একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে বিবিএ পড়ছেন। নবম শ্রেণিতে পড়ার সময় নেশাসক্ত হয়ে পড়েন। একসময় ড্যান্স ক্লাবের সদস্য ছিলেন, ডিজে পার্টিও করতেন। মূলত নেশার অর্থ সংগ্রহের জন্য তিনি সর্বশেষ ব্ল্যাকমেইলিংয়ের পথ বেছে নেন।
সিআইডির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই তরুণী ফেইসবুকে ভুয়া আইডি খুলে নিজেকে সুন্দর ও আকর্ষণীয়ভাবে উপস্থাপন করে পরিচয় থেকে বন্ধুত্ব এবং অনলাইনে ঘনিষ্ঠ হয়ে উঠতেন অল্প দিনের মধ্যেই। পরে প্রেমের ফাঁদে ফেলে ভিডিও কলে যোগাযোগের সময় সুকৌশলে একান্ত মুহূর্তের ব্যক্তিগত ছবি ও ভিডিও ধারণ করে রাখতেন।
সিআইডির বিশেষ টিম ‘সাইবার ইন্টেলিজেন্স’ ওই তরুণীর মোবাইল ফোনে অসংখ্য লোকজনকে ব্ল্যাকমেইলের তথ্য পেয়েছে জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেওয়ার আলামত পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিভিন্ন প্রতারণার কথা অকপটে স্বীকার করেছেন ওই তরুণী।
