২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অর্থ পাচার: দুদকের ক্ষমতা ফিরিয়ে দেওয়ার আহ্বান টিআইবির

“দেখা যাচ্ছে, যে সুনির্দিষ্ট অভীষ্ট নিয়ে দুদক প্রতিষ্ঠা করা হয়েছিল একাধিক আইনি ও প্রশাসনিক সংস্কারের মধ্য দিয়ে দুদকের ক্ষমতা হ্রাস করে তা অর্জনের পথে অন্তরায় সৃষ্টি করা হয়েছে।”

অর্থ পাচার: দুদকের ক্ষমতা ফিরিয়ে দেওয়ার আহ্বান টিআইবির

ফাইল ছবি

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2023, 11:33 PM

Updated : 17 Jul 2023, 11:33 PM

বিদ্যমান মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালা সংশোধন করে দুদকের কমানো ক্ষমতা ফিরিয়ে দিতে সরকারকে আহ্বান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

সোমবার এক বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান এই আহ্বান জানান।

২০১৫ সালে মানি লন্ডারিং প্রতিরোধ আইন-২০১২ এর সংশোধন করে এর ভিত্তিতে মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালা- ২০১৯ প্রণয়ন করা হয়।

বিবৃতিতে বলা হয়, মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ অনুযায়ী, যে ২৭ ধরনের অপরাধ-সম্পৃক্ত মানি লন্ডারিংয়ের তদন্ত ও অনুসন্ধানের ক্ষমতা দুদকের কাছে ছিল, সেগুলো পুনরায় দুদকের এখতিয়ারভুক্ত করতে হবে।

এই আহ্বান রেখে সোমবার মন্ত্রিপরিষদ সচিবসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠিয়েছে টিআইবি।

ইফতেখারুজ্জামান বলেন, “স্বাধীন দুর্নীতি দমন কমিশনের (দুদক) কার্যকরতার ঘাটতি নিয়ে টিআইবির উদ্বেগ ক্রমাগত বেড়েই চলছে। দুদক প্রতিষ্ঠার পর থেকে দুর্নীতির বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণে কমিশনের সক্ষমতা বৃদ্ধির জন্য নিবিড়ভাবে কাজ করছে টিআইবি। কিন্তু দেখা যাচ্ছে, যে সুনির্দিষ্ট অভীষ্ট নিয়ে দুদক প্রতিষ্ঠা করা হয়েছিল একাধিক আইনি ও প্রশাসনিক সংস্কারের মধ্য দিয়ে দুদকের ক্ষমতা হ্রাস করে তা অর্জনের পথে অন্তরায় সৃষ্টি করা হয়েছে।”

তিনি বলেন, এ প্রক্রিয়ার একটি অন্যতম উদাহরণ হল, মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ অনুযায়ী দুদককে ২৭ ধরনের সম্পৃক্ত অপরাধ তদন্ত ও অনুসন্ধানের ক্ষমতা দেওয়া হলেও, ২০১৫ সালে তা সংশোধন করে মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালা, ২০১৯-এর তফসিলে শুধু ‘ঘুষ ও দুর্নীতি’ ব্যতীত অন্য ২৬টি অপরাধ-সংশ্লিষ্ট মানি লন্ডারিং অনুসন্ধান ও তদন্তের দায়িত্ব দুদকের কাছ থেকে সরিয়ে নেওয়া হয়েছে।”

ইফতেখারুজ্জামান বলেন, “অর্থ পাচার প্রতিরোধে দুদকের মতো বিশেষায়িত প্রতিষ্ঠানের ভূমিকা অপরিহার্য। কিন্তু উল্লিখিত সংশোধনের ফলে অর্থপাচারের সাথে জড়িত অনেকগুলো অপরাধের অনুসন্ধান ও তদন্ত দুদকের এখতিয়ারভুক্ত না থাকায় সরকারের শীর্ষ পর্যায় থেকে ঘোষিত ‘দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতা’ বাস্তবায়নে দুদক তার প্রত্যাশিত ভূমিকা পালন করতে পারছে না।”