এইডিস লার্ভা: ঢাকায় ৭ লাখ টাকা জরিমানা আদায়
ডিএনসিসি এলাকার ১৬টি ও ডিএসসিসি এলাকার ১২টি স্থাপনায় এইডিস মশার লার্ভা পাওয়া যায়।
ডেঙ্গুর জীবানুবাহী এইডিস মশা নিধনে চলমান অভিযানের মধ্যে বুধবার ঢাকার বিভিন্ন স্থাপনা থেকে ৭ লাখ টাকার বেশি জরিমানা আদায় করেছে দু্ই সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকা উত্তর সিটি করপোরেশন জানিয়েছে, বুধবার ডিএনসিসির ১০টি অঞ্চলে অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। এ সময় ১৬টি ভবনে এইডিস মশার লার্ভা পাওয়া যায়। এজন্য ১৬টি মামলায় ৫ লাখ ৮৩ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।
অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন জানিয়েছে, ডিএসসিসি এলাকার ১২টি স্থাপনায় এইডিস মশার লার্ভা পাওয়ায় প্রায় সোয়া লাখ টাকা জরিমানা করা হয়।
বুধবার পরিবাগ, শাহবাগ, উত্তর মুগদা, দক্ষিণ মুগদা, জিগাতলা, বাবুবাজার, দক্ষিণ যাত্রাবাড়ী, পূর্ব নন্দীপাড়া, পূর্ব শেখদী ও কুতুবখালী এলাকায় অভিযানে যান ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।
অভিযানে ২৬৪টি বাসাবাড়ি ও স্থাপনা পরিদর্শন করে ১২টিতে লার্ভা পান ম্যাজিস্ট্রেটরা। এজন্য ১২টি মামলা করে জরিমানা আদায় করা হয়েছে ১ লাখ ২৩ হাজার টাকা।
বর্ষার আগে থেকেই দেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। বুধবারও নতুন করে আরও ১২৪৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে বলে তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে ৭০৯ জনই ঢাকায়। এ পর্যন্ত হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ১১ হাজার একজন ঢাকার। আর বর্তমানে সারাদেশের হাসপাতালে যে ৩৭৯১ জন রোগী ভর্তি আছেন তাদের মধ্যেও ২৫৩০ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে।
ডেঙ্গুর প্রকোপ কমাতে এইডিস মশা নিয়ন্ত্রণে মাসব্যাপী অভিযান শুরু করেছে ঢাকার দুই সিটি করপোরেশন।
