শকুনের গতিবিধি পর্যবেক্ষণে এ বছরই স্যাটেলাইট ট্র্যাকিং: পরিবেশমন্ত্রী
“এ কার্যক্রমের মাধ্যমে আমাদের দেশের শকুনের গতিবিধি পর্যবেক্ষণ করা হবে, যা শকুন সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে,”- বলেন শাহাব উদ্দিন।
দেশে মহাবিপন্ন বন্যপ্রাণী শকুন রক্ষায় এর গতিবিধি পর্যবেক্ষণে চলতি বছরই স্যাটেলাইট ট্র্যাকিং শুরু করা হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাব উদ্দিন।
শনিবার আন্তর্জাতিক শকুন সচেতনতা দিবস উপলক্ষে বন অধিদপ্তরের আলোচনায় তিনি আশা প্রকাশ করেন, এর ফলে এখনো টিকে থাকা প্রাণীটিকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করা যাবে।
মন্ত্রী বলেন, “শকুনের ডানায় লাগানোর জন্য লাল-সবুজ পতাকার আদলে বিশেষ ট্যাগ তৈরি করা হয়েছে। এই উইং ট্যাগের পাশাপাশি এ বছর নতুন প্রযুক্তি- স্যাটেলাইট ট্র্যাকিংয়ের মাধ্যমে শকুনের গায়ে ট্যাগ লাগানোর পরিকল্পনা আছে।
“এ কার্যক্রমের মাধ্যমে আমাদের দেশের শকুনের গতিবিধি পর্যবেক্ষণ করা হবে, যা শকুন সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”
পরিবেশ রক্ষার স্বার্থে অবশিষ্ট শকুনগুলো রক্ষায় সবাইকে অঙ্গীকারবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান শাহাব উদ্দিন।
সরকারের বিভিন্ন সিদ্ধান্ত দক্ষিণ এশিয়ার শকুন সংরক্ষণে মাইলফলক হিসেবে কাজ করছে জানিয়ে তিনি বলেন, “শকুন সংরক্ষণে দীর্ঘমেয়াদী বিজ্ঞানভিত্তিক যে কোনো পরিকল্পনা মন্ত্রণালয়ে আসলে তা বাস্তবায়নে সহায়তা করা হবে।”
ক্ষতিকর ওষুধ ডাইক্লোফেনাক, কিটোপ্রোফেন নিষিদ্ধ করার পাশাপাশি শকুন রক্ষায় পদক্ষেপ গ্রহণে এশিয়ার মধ্যে বাংলাদেশ সবচেয়ে এগিয়ে বলে দাবি করেছেন পরিবেশ ও বনমন্ত্রী।
এসময় ওষুধ কোম্পানিগুলোকে গবাদী পশুর ব্যথানাশক কিটোপ্রোফেন উৎপাদন ও বিপণন বন্ধের নির্দেশ মেনে চলার আহ্বান জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী।
তিনি বলেন, “কিটোপ্রোফেন নিষিদ্ধের পর নিরাপদ ওষুধ মেলোক্সিক্যাম ও টলফামেনিক এসিডের ব্যবহার বাড়তে শুরু করেছে, যা শকুন রক্ষায় একটি উল্লেখযোগ্য পদক্ষেপ।”
প্রধান বন সংরক্ষক আমীর হোসাইন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপমন্ত্রী হাবিবুন নাহার।
আরও খবর:
