১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘সিউল স্মার্ট সিটি প্রাইজ’ নগরবাসীকে উৎসর্গ করলেন মেয়র তাপস

গত ২৪-২৬ সেপ্টেম্বর দক্ষিণ কোরিয়ার সিউলে অনুষ্ঠিত 'ওয়ার্ল্ড সিটিজ সামিট মেয়রস ফোরাম ২০২৩' এ মেয়র তাপসকে নেতৃত্ব শ্রেণিতে 'সিউল স্মার্ট সিটি প্রাইজ ২০২৩' এ ভূষিত করা হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2023, 07:50 PM

Updated : 23 Oct 2023, 07:50 PM

সিউল স্মার্ট সিটি প্রাইজ-২০২৩ নগরবাসীকে উৎসর্গ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস।

গত ২৪-২৬ সেপ্টেম্বর দক্ষিণ কোরিয়ার সিউলে অনুষ্ঠিত 'ওয়ার্ল্ড সিটিজ সামিট মেয়রস ফোরাম ২০২৩' এ মেয়র তাপসকে নেতৃত্ব শ্রেণিতে 'সিউল স্মার্ট সিটি প্রাইজ ২০২৩' এ ভূষিত করা হয়।

সোমবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান কার্যালয় নগর ভবনের মেয়র হানিফ মিলনায়তনে করপোরেশনের দ্বিতীয় পরিষদের দ্বাবিংশতম করপোরেশন সভায় তিনি এই পুরস্কার ঢাকাবাসীকে উৎসর্গ করেন।

মেয়র তাপস এ সময় বলেন, “একটি আধুনিক, সচল ও বাসযোগ্য নগরী গড়ে তোলার নিরন্তর যাত্রায় ঢাকাবাসী আমাদেরকে নিরবিচ্ছিন্নভাবে সহযোগিতা করেছে এবং করে চলেছে। ঢাকাবাসীর সহযোগিতায় আমরা প্রতিনিয়ত নানাবিধ প্রতিকূলতা অতিক্রম করে এগিয়ে চলেছি।

“তাই এই পুরস্কার মেয়র হিসেবে আমাকে প্রদান করা হলেও আমি মনে করি, এই পুরস্কারের ভাগিদার আমার প্রিয় ঢাকাবাসী। এই পুরস্কার আমি ঢাকাবাসীকে উৎসর্গ করলাম।”

প্রযুক্তি ও উপাত্তের উদ্ভাবনী ব্যবহারের মাধ্যমে নাগরিকদের জীবনযাত্রার উন্নয়ন ও বিকাশে দেওয়ার জন্য 'নেতৃত্ব শ্রেণিতে সিউল স্মার্ট সিটি প্রাইজ’ প্রদান করা হয়।

প্রতিবছর সারাবিশ্ব থেকে দু'জন সিটি মেয়রকে 'নেতৃত্ব শ্রেণিতে' সিউল স্মার্ট সিটি পুরস্কারে ভূষিত করা হয়। এছাড়াও টেক-ইনোভেশন প্রাইজ ও হিউম্যান-সেন্ট্রিসিটি প্রাইজ ক্যাটাগরিতেও সারাবিশ্ব হতে ২ জন করে ৪ জনকে এই পুরস্কার দেওয়া হয়।

পুরস্কার হিসেবে ঢাকা দক্ষিণের মেয়রকে একটি সম্মাননা স্মারক এবং একটি সনদ দেওয়া হয়। এছাড়াও আয়োজক কর্তৃপক্ষ পুরস্কারপ্রাপ্ত মেয়রদের পৃথিবীর নানা প্রান্ত থেকে আগত বিভিন্ন শহরের মেয়রদের অভিজ্ঞতা বিনিময়, সামষ্টিক কর্মকাণ্ড নিয়ে গোলটেবিল আলোচনারও সুযোগ করে দেয়।

ওয়ার্ল্ড স্মার্ট সাসটেইনেবল সিটিজ অর্গনাইজেশন এবং সিউল মেট্রোপলিটন গভর্নমেন্টের যৌথ উদ্যোগে এবারকার ওয়ার্ল্ড সিটিজ সামিট মেয়রস ফোরামের আয়োজন করা হয়। বিশ্বের ৩০টি দেশের ৫০ জন মেয়র সিওলে অনুষ্ঠিত এবারকার ফোরামে অংশগ্রহণের আমন্ত্রণ পান।