যাত্রাবাড়ীতে ৩ 'ছিনতাইকারী' গ্রেপ্তার
ফরিদপুরের শহিদুল হত্যায় দণ্ডিত ইকতার ধরা পড়েছে ঢাকার কদমতলীতে।
ঢাকার যাত্রাবাড়ী থেকে তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে র্যাব।
বৃহস্পতিবার রাতে যাত্রাবাড়ীর চৌরাস্তা এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মো. কাল্লু (৩৩), মো. শান্ত (২৪) ও মো. জাহিদ (২৫)।
তাদের কাছে একটি চাকু উদ্ধারের কথা জানিয়ে র্যাব-১০ বলছে, তারা বেশ কিছুদিন ধরে যাত্রাবাড়ী ও আশপাশের এলাকায় পথচারীদের ধারাল চাকুর ভয় দেখিয়ে টাকা-পয়সা, স্বর্ণালংকার, মোবাইলসহ বিভিন্ন মূল্যবান সম্পদ ছিনতাই করে আসছিল।
কাল্লুর বিরুদ্ধে যাত্রাবাড়ী ও মুগদা থানায় ছিনতাইয়ের দুইটি ও মাদকের একটি মামলা রয়েছে। আর শান্তর বিরুদ্ধে কোতয়ালী ও গেন্ডারিয়া থানায় পাঁচটি মাদক মামলা ও একটি ছিনতাই মামলা আছে।
ফেরারি ইকতার মোল্লা গ্রেপ্তার
এদিকে এক দশক আগে ফরিদপুরের আলফাডাঙ্গায় খুন ও ডাকাতি মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ইকতার মোল্লাকে (৪৩) ঢাকার কদমতলী এলাকা থেকে বৃহস্পতিবার গ্রেপ্তার করেছে র্যাব-৩।
হত্যাকাণ্ডের শিকার শহিদুল ইসলাম আলফাডাঙ্গার ধুলঝুড়ি গ্রামে ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। ২০১২ সালের ২৭ জুলাই মোটরসাইকেল নিয়ে তিনি বের হলে তাকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে খুন করা হয়। হামলাকারীরা শহিদুলের লাশ ফেলে রেখে বাইকটি নিয়ে পালিয়ে যায়।
ওই ঘটনায় করা মামলায় দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে গত বছর ইকতারকে যাবজ্জীবন কারাদণ্ডসহ অর্থদণ্ড দেয় আদালত।
মামলার পর থেকেই ইকতার ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নিজেকে আত্মগোপনে করে আসছিল বলে জানিয়েছে র্যাব।
