১৬ ঘণ্টা পর আরামবাগের সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা
পুলিশ জানিয়েছে, কারখানার মালিক পক্ষ শ্রমিকদের দাবি মেনে নিয়েছে।
বেতন-ভাতা বকেয়া রেখেই কারখানা সরিয়ে নেওয়ার প্রতিবাদে ঢাকার আরামবাগ এলাকায় বিক্ষোভে নামা শ্রমিকরা ১৬ ঘণ্টা পর সড়ক ছেড়েছেন।
মঙ্গলবার সকাল ৮টায় ‘ওলিও অ্যাপারেলস’র শ্রমিকরা সড়ক অবরোধ করেন। কমলাপুরের পাশে বিআরটিসি বাস ডিপো থেকে নটর ডেম কলেজ পর্যন্ত রাস্তায় দিনভর ও রাতেও বিক্ষোভ করেন তারা। একারণে মতিঝিল এলাকায় ব্যাপক যানজট তৈরি হয়। রাত ১২টায় তারা সড়ক থেকে উঠে যান।
পোশাক শ্রমিক নেতারা শ্রম ভবনে মালিক পক্ষের সঙ্গে বৈঠকে ফলপ্রসূ আলোচনা হওয়ায় শ্রমিকরা সড়ক ছাড়ে বলে পুলিশ জানিয়েছে।
মতিঝিল বিভাগের উপ-কমিশনার মো. হায়াতুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সব দাবি মেনে নিয়েছেন মালিক পক্ষ। রাত ১২টার পর শ্রমিকরাও চলে গেছে। এখন সব কিছু স্বাভাবিক।”
মতিঝিল থানার পুলিশ পরিদর্শক (পেট্রোল) বেলাল হোসেন বলেন, ওই কারখানায় প্রায় তিন হাজার শ্রমিক কাজ করেন। মালিকরা বেতন-ভাতা পরিশোধ না করেই কারখানা সরিয়ে নিচ্ছে বলে শ্রমিকরা অভিযোগ করছেন।
“সোমবারও শ্রমিকরা কাজ করেছেন। আজ সকালে কাজে এসে দেখেন করাখানার ফটকে তালা দেওয়া। তারা জানতে পারেন, কারখানা উত্তরায় সরিয়ে নেওয়া হচ্ছে। শ্রমিকরা তখন তাদের বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ শুরু করে।“
শ্রমিকদের দাবি, যারা এতদিন এই কারখানায় কাজ করেছেন তাদেরকে অক্টোবর মাসের বেতন ও ওভারটাইম ভাতা দিতে হবে। এছাড়া বিভিন্ন ছুটিও নগদায়ন করতে হবে।
আলোচনা শেষে রাত ১২টায় মতিঝিল বিভাগের পুলিশের উপকমিশনার ও সহকারী পুলিশ কমিশনার শ্রমিকদের দাবি মানার কথা জানালে তারা রাস্তা ছেড়ে চলে যান।
শ্রম ভবনে প্রায় চার ঘণ্টা বৈঠক চলে বলে জানান ডিএমপির মতিঝিল জোনের সহকারী কমিশনার আবুল হাসান।
শ্রমিকরা সকালে কমলাপুরের পাশে বিআরটিসি বাস ডিপো থেকে নটর ডেম কলেজ পর্যন্ত রাস্তায় দাঁড়িয়ে যান। প্রথমে তারা ওই সড়কের একপাশে থাকলেও পরে দুইপাশেই অবস্থান নেন। যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয় দিনভর।
