২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চীন-বাংলাদেশের আস্থা পরীক্ষিত: স্বরাষ্ট্রমন্ত্রী

“দুই জাতির মধ্যে ভ্রাতৃত্বের সম্পর্ক প্রজন্ম থেকে প্রজন্মান্তরে চলে আসছে”, বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

চীন-বাংলাদেশের আস্থা পরীক্ষিত: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকায় চীনের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনাসভায় কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2023, 02:48 PM

Updated : 08 Oct 2023, 02:48 PM

চীন ও বাংলাদেশের সম্পর্ক ‘হাজার বছরেরও বেশি পুরনো’ মন্তব্য করে দুই দেশের মধ্যে পারস্পরিক আস্থা ‘সময়ের সঙ্গে পরীক্ষিত’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

তিনি বলেছেন, চীন-বাংলাদেশ সম্পর্ক ২০১৬ সালে সহযোগিতার কৌশলগত অংশীদারত্বে উন্নীত হয় এবং ২০১৯ সালে আরও গভীর হয়।

“দুই দেশ দীর্ঘদিন ধরেই নিজ নিজ মূল স্বার্থ ও উদ্বেগের বিষয়ে একে অপরকে সমর্থন করে আসছে। দুই জাতির মধ্যে ভ্রাতৃত্বের সম্পর্ক প্রজন্ম থেকে প্রজন্মান্তরে চলে আসছে।”

চীনের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকার হোটেল সোনারগাঁওয়ে এক আলোচনা সভায় কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

বাংলাদেশ-চায়না সিল্ক রোড ফোরামের উদ্যোগে এর চেয়ারম্যান সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী দিলীপ বড়ুয়া, চীনের রাষ্ট্রদূত ইয়ান ওয়েন, চীনে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমেদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি শাহ আলম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইমতিয়াজ আহমেদও অনুষ্ঠানে বক্তব্য দেন।

চীন ও বাংলাদেশকে যৌথ উন্নয়নের ‘ঘনিষ্ঠ অংশীদার’ অভিহিত করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “দক্ষিণ এশিয়ার দেশ হিসেবে বাংলাদেশই প্রথম বিআরআইতে (বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ) যোগদান করে। পদ্মা বহুমুখী সেতু এবং এর রেল সংযোগ, দাশেরকান্দি পয়োশোধনাগার প্রকল্প, কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল এবং আরও অনেক এমন প্রকল্পের ন্যায় মেগা প্রকল্পগুলো একের পর এক সম্পন্ন হয়েছে, যা বাংলাদেশের জনগণের জীবনযাত্রার উন্নয়নে এবং অবকাঠামোগত অবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।”

সম্প্রতি ব্রিকস শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে আলোচনায় দুই দেশের অবকাঠামোগত উন্নয়ন, তথ্য প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, কৃষি সেক্টরে পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নের বিষয়টি গুরুত্বের সঙ্গে উঠে আসে বলে জানান মন্ত্রী।

“প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২০১০, ২০১৪ এবং ২০১৯ সালের চীন সফর এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর ২০১৬ সালে বাংলাদেশে সফরের মাধ্যমে দুই দেশের সম্পর্ক ক্রমেই উচ্চতার দিকে যাচ্ছে”, বলেন তিনি।