২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এনআইডি সেবা যোগ হল স্বরাষ্ট্রের ‘রুলস অব বিজনেসে’

জাতীয় পরিচয় নিবন্ধন আইন যে তারিখে কার্যকর হবে, ওই তারিখ থেকে রুলস অব বিজনেস সংশোধনের এই প্রজ্ঞাপন কার্যকর হবে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2023, 09:40 PM

Updated : 15 Nov 2023, 09:40 PM

জাতীয় পরিচয়পত্র নিবন্ধন কার্যক্রম পরিচালনার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের ‘রুলস অব বিজনেস’ সংশোধন করা হয়েছে।

১৯৯৬ সালের রুলস অব বিজনেসের মন্ত্রণালয় ও বিভাগের কার্যাবলী অংশে (সিডিউল-২) নতুন একটি কার্যক্রম যুক্ত করে মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

বাংলাদেশের নাগরিকের পরিচয় নিবন্ধন, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কার্ড তৈরি ও প্রদান, জাতীয় পরিচয় নিবন্ধন আইন ২০২৩ এবং এর সঙ্গে সম্পর্কিত অন্যান্য কার্যাবলী সুরক্ষা সেবা বিভাগের আওতায় পরিচালিত হওয়ার বিষয়গুলো যুক্ত করা হয়েছে সেখানে।

জাতীয় পরিচয় নিবন্ধন আইন যে তারিখে কার্যকর হবে, ওই তারিখ থেকে রুলস অব বিজনেস সংশোধনের এই প্রজ্ঞাপন কার্যকর হবে।

মন্ত্রণালয় ও বিভাগগুলো কী কী কাজ করতে পারবে তা রুলস অব বিজনেস দিয়ে নির্ধারণ করা হয়। মন্ত্রণালয় ও বিভাগগুলোর কাজের পরিধিতে কোনো পরিবর্তন হলে রুলস অব বিজনেসেও পরিবর্তন আনতে হয়।

জন্মের পরই নাগরিকদের জাতীয় পরিচয়পত্র বা এনআইডি দেওয়ার বিধান রেখে জাতীয় সংসদে ‘জাতীয় পরিচয় নিবন্ধন বিল, ২০২৩’ পাস হয়েছে।

জাতীয় পরিচয়পত্রের সেবা কার্যক্রম নির্বাচন কমিশন থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের অধীনে একটি নিবন্ধকের আওতায় নেওয়ার কথা বলা আছে সেখানে।

২০১০ সালের ‘জাতীয় পরিচয় নিবন্ধন আইন’ রহিত করে নতুন এই আইন করেছে সরকার। এই আইন কার্যকর হলে শিশুর জন্মের পরই এনআইডি দেওয়া হবে।