স্বাধীনতার পর জাপানিরা বাকিতেও পণ্য পাঠিয়েছিল: মোমেন
ফরেইন সার্ভিস একাডেমিতে ১৯৭৩ সালে বঙ্গবন্ধুর জাপান সফরের উপর নির্মিত তথ্যচিত্রের প্রদর্শনীতে এ কথা বলেন তিনি।
স্বাধীনতার সময় থেকে বাংলাদেশের অগ্রযাত্রায় জাপানের সহায়তার কথা স্মরণ করে দুদেশের সম্পর্ককে আরও বিস্তৃত পরিসরে নিতে কাজ করার কথা বলেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
মঙ্গলবার ফরেইন সার্ভিস একাডেমিতে ১৯৭৩ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জাপান সফরের উপর নির্মিত তথ্যচিত্রের প্রদর্শনীর আয়োজনে এ প্রত্যাশার কথা বলেন তিনি।
২০১৪ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফরে দুদেশের সম্পর্ককে ’সমন্বিত অংশীদারিত্বে’ রূপান্তরের কথা উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, “আমাদের দ্বিপাক্ষিক সমন্বিত অংশীদারিত্বকে থেকে খুব দ্রুত সময়ে যাতে কৌশলগত অংশীদারিত্বে পরিণত করা যায়, সেজন্য কাজ করতে আমাদের সরকারের অবস্থান পুনর্ব্যক্ত করছি।”
জাপানের পররাষ্ট্র দপ্তর নির্মিত ‘ওয়েলকাম বঙ্গবন্ধু ১৯৭৩’ শীর্ষক ওই তথ্যচিত্রে ওই বছরের ১৮ অক্টোবর থেকে জাতির পিতার এক সপ্তাহের জাপানের সফরের শুরু থেকে পর্যন্ত ঘটনাপ্রবাহ তুলে ধরা হয়।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রতি সমর্থনের পাশাপাশি স্বাধীন দেশের পুনর্গঠনে জাপানের ভূমিকার কথা স্মরণ করেন পররাষ্ট্রমন্ত্রী মোমেন।
যুদ্ধবিধ্বস্ত দেশে পণ্য পাঠানোর ক্ষেত্রে অন্য অনেক দেশের অনাগ্রহের মধ্যে জাপান সরকার ও জাপানি কোম্পানির এগিয়ে আসার কথা তুলে ধরে তিনি বলেন, “আমাদেরকে অনেক জটিলতা মোকাবেলা করতে হচ্ছিল তখন। আমাদের পর্যাপ্ত রিজার্ভ ছিল না। আমাদেরকে ‘পিন টু শিপ’ সব কিছু বিদেশ থেকে কিনতে হচ্ছিল।
“ওই সময়ে আমাদেরকে পণ্য সরবরাহে অন্য অনেক দেশ অনাগ্রহী ছিল। কিন্তু এগিয়ে আসে জাপান ও এর কোম্পানিগুলো। যখন অনেক গুরুত্বপূর্ণ লোক বলছিল, বাংলাদেশ তলাবিহীন ঝুড়ি, আমাদের বাঁচার আশা নেই; সে সময় কিছু কিছু দেশ বলছিল, তৃতীয় কোনো দেশের নিশ্চয়তা লাগবে পণ্য কেনার জন্য। সেই সময়ে জাপান সরকার ও জাপানি কোম্পানি আমাদেরকে পণ্য পাঠিয়েছিল, এমনকি বাকিতেও।”
সবচেয়ে বড় উন্নয়ন সহযোগী হিসাবে জাপানের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক, সেটির ভিত্তি বঙ্গবন্ধু রচনা করেছিলেন উল্লেখ করে মোমেন বলেন, এই তথ্যচিত্র বঙ্গবন্ধুর প্রতি জাপানিদের ভালোবাসা ও সম্মানের প্রকাশ ঘটিয়েছে।
“তথ্যচিত্র আমাদেরকে মনে করিয়ে দিচ্ছে, আমাদের আজকে যুগান্তকারী সম্পর্কের ভিত্তি তৈরিতে বঙ্গবন্ধু কেমন যুগান্তকারী ভূমিকা রেখেছিলেন। এখন জাপান কেবল আমাদের সবচেয়ে বড় উন্নয়ন সহযোগী দেশ নয়, পাশাপাশি অটল ও দীর্ঘস্থায়ী বন্ধু।”
২০৪১ সালের মধ্যে উন্নত দেশ হতে বাংলাদেশের আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে জাপান পাশে এসে দাঁড়িয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
অন্যদের মধ্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, ঢাকায় জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি অনুষ্ঠানে বক্তৃতা করেন।
