১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ঢাকা বারের ২৩ পদের ২১টিতেই সরকার সমর্থকদের জয়

নির্বাচনে সভাপতি পদে আওয়ামী লীগ সমর্থিত আবদুর রহমান হাওলাদার এবং সাধারণ সম্পাদক পদে আনোয়ার সাহাদাত শাওন জয় পেয়েছেন।

ঢাকা বারের ২৩ পদের ২১টিতেই সরকার সমর্থকদের জয়

ঢাকা বারের নবনির্বাচিত সভাপতি আবদুর রহমান হাওলাদার (বামে) এবং সাধারণ সম্পাদক আনোয়ার সাহাদাত শাওন।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2024, 12:14 PM

Updated : 02 Mar 2024, 03:47 PM

ঢাকা আইনজীবী সমিতির (ঢাকা বার) নির্বাচনে ২৩টি পদের মধ্যে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সাদা প্যানেল ২১টিতে জয় পেয়েছে।

দুটি পদে জয় পেয়েছে বিএনপি-জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্যের নীল প্যানেল।

নির্বাচনে সভাপতি পদে আওয়ামী লীগ সমর্থিত আবদুর রহমান হাওলাদার এবং সাধারণ সম্পাদক পদে আনোয়ার সাহাদাত শাওন জয় পেয়েছেন।

শনিবার সকালে প্রধান নির্বাচন কমিশনার সিনিয়র আইনজীবী মোখলেছুর রহমান বাদল ফলাফল ঘোষণা করেন।

গত বুধবার ও বৃহস্পতিবার দুই দিন এই নির্বাচনে ভোটগ্রহণ হয়েছে। ২১ হাজার ২০৮ ভোটারের মধ্যে ৯ হাজার ৬৯০ আইনজীবী ভোট দিয়েছেন।

ফলাফলে দেখা গেছে সম্পাদকীয় ১১টি পদের সবগুলোতে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলের প্রার্থীরা জয়ী হয়েছেন।

তাদের মধ্যে সিনিয়র সহসভাপতি পদে আবুল কালাম মোহাম্মাদ আক্তার হোসেন ও আবু তৈয়ব; অধ্যক্ষ পদে মো. ওমর ফারুক; সিনিয়র সহসাধারণ সম্পাদক পদে মাসরাত আলী; সহসাধারণ সম্পাদক পদে আসাদুজ্জামান; লাইব্রেরি সম্পাদক পদে হুমায়ুন কবির; সাংস্কৃতিক সম্পাদক পদে মনিরা বেগম; অফিস সম্পাদক পদে সরোয়ার জাহান; সমাজকল্যাণ সম্পাদক পদে প্রদীপ চন্দ্র সরকার; ক্রীড়া সম্পাদক পদে মো. ওয়াকিলুর রহমান এবং তথ্য ও যোগাযোগ সম্পাদক পদে সৈয়দা ফরিদা ইয়াছমিন জয়ী হয়েছেন।

এছাড়া ১০টি সদস্য পদে সাদা প্যানেলের হাফিজ আল মামুন, শাহীন আহমেদ রুপম, মো. ইমরান হাসান, কাজী হুমায়ুন কবির, এমদাদুল হক, মাহমুদুল হাসান, সুমন আহমেদ ও আব্দুর রহমান মিয়া জয় পেয়েছেন।

আর নীল প্যানেল থেকে মো. আনোয়ার হোসেন চাঁদ ও গাজী তানজিল আহমেদ সদস্য পদে জয় পেয়েছেন।

এর আগে ঢাকা আইনজীবী সমিতির ২০২৩-২০২৪ কার্যকরী কমিটি গঠনের নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সাদা প্যানেল ২৩টি পদের মধ্যে ২৩টিতেই জয় পেয়েছিল।

ওই নির্বাচনে বিএনপি-জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্যের নীল প্যানেল ফলাফল প্রত্যাখ্যান করে ভোট কারচুপির অভিযোগ করে।

এর আগের সেশনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২৩টি পদের মধ্যে ১৭টি পদ থাকে আওয়ামী লীগের দখলে অন্যদিকে, বিএনপি-জামায়াতের প্রার্থীরা পায় ৬টি পদ।