মঙ্গল শোভাযাত্রায় ‘শান্তির বার্তা’ ছড়াতে রঙিন প্রস্তুতির পালা
জয়নুল গ্যালারির সামনে বিক্রি হচ্ছে সরা, ছবি আর মুখোশ। এসব বিক্রি করে শোভাযাত্রার খরচ বহন করা হয়।
বাঙালির সর্বজনীন উৎসবে পরিণত হওয়া পহেলা বৈশাখের প্রধান আকর্ষণ মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি নিয়ে মহাকর্মযজ্ঞ চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা প্রাঙ্গণে।
যুদ্ধ-বিগ্রহের বিশ্বে শান্তির বার্তা কামনায় এবার মঙ্গল শোভাযাত্রার প্রতিপাদ্য ঠিক করা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের পঙক্তি ‘বরিষ ধরা-মাঝে শান্তির বারি’।
সেই আলোকে বর্ণিল আয়োজনে ১৪৩০ বঙ্গাব্দকে বরণ করে নিতে শোভাযাত্রার নানা অনুষঙ্গ তৈরি করছেন শিক্ষার্থীরা।
শুক্রবার চারুকলা প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, মঙ্গল শোভাযাত্রার শিল্পকর্ম তৈরিতে দারুণ ব্যস্ত শিক্ষার্থীরা। তারা কেউ কেউ রঙ তুলি দিয়ে ছবি আঁকছেন, কেউ মাটির সরা, রাজা-রানিসহ বিভিন্ন প্রাণীর মুখোশ ও মোটিফ তৈরি করছেন।
জয়নুল গ্যালারির সামনে বিক্রি হচ্ছে সরা, ছবি আর মুখোশ। এসব বিক্রি করে মঙ্গল শোভাযাত্রার খরচ বহন করা হয়।
শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেল, মঙ্গল শোভাযাত্রার জন্য এবার ছয়টি মোটিফ তৈরি করা হচ্ছে। সেগুলো হল মায়ের কোলে সন্তান, টেপা পুতুল, বাঘ, ময়ূর, ভেড়া ও নীল গাই ।
এ বিষয়ে এবারের মঙ্গল শোভাযাত্রার আহ্বায়ক ওম প্রকাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ইতোমধ্যে আমরা বড় মোটিফগুলোর কাঠামো দাঁড় করিয়ে ফেলেছি। নির্দিষ্ট সময়ের আগেই আমাদের কাজ সম্পন্ন হবে। এখন মুখোশ ও পেইন্টিং করা হচ্ছে। পাশাপাশি বিক্রিও হচ্ছে।
“আপনারা জানেন মঙ্গল শোভাযাত্রা আমরা নিজস্ব অর্থায়নে করে থাকি। অর্থাৎ আমাদের তৈরি সরা, মুখোশ ও পেইটিং বিক্রি করে শোভাযাত্রার খরচ বহন করা হয়। পেইন্টিংগুলো সুলভমূল্যে বিক্রি হচ্ছে, যাতে লোকজন সেগুলো নিয়ে মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করে।”
চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেনের পরিকল্পনা ও তত্ত্বাবধানে ২৪ ব্যাচের শিক্ষার্থীরা এবার শোভাযাত্রার দায়িত্ব পেয়েছেন। তাদের সঙ্গে যুক্ত হয়েছেন চারুকলার নতুন ও প্রাক্তন শিক্ষার্থীরাও।
এবারের প্রতিপাদ্যের বিষয়ে মঙ্গল শোভাযাত্রা উদযাপন কমিটির যুগ্ম আহ্বায়ক অচিন্ত্য সাহা রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা চাই পৃথিবীতে যুদ্ধ নয়, বৃষ্টির মতো করে শান্তি বর্ষিত হোক।
“শোভাযাত্রায় মায়ের কোলে সন্তান থাকবে। এর মাধ্যমে আমরা তুলে ধরতে চাই- মায়ের কোলে সন্তান যেমন নিরাপদ, তেমনই এই পৃথিবী প্রতিটি মানুষের জন্য নিরাপদ আশ্রয় হয়ে উঠুক।”
‘বরিষ ধরা-মাঝে শান্তির বারি’ প্রতিপাদ্য ঠিক করার ব্যাখ্যায় নববর্ষ উদযাপন কমিটির সদস্য সচিব অধ্যাপক নিসার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রতিবছর আমরা বাংলাদেশ ও বৈশ্বিক প্রেক্ষাপটে এই প্রতিপাদ্য ঠিক করি। বর্তমানে মানুষের মাঝে হানাহানি, অস্থিতিশীলতা বিরাজ করছে।
“তার চরম মাত্রায় পৌঁছে এই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। এর ফলে বৈশ্বিক অর্থনীতিতেও চরম ধস নেমেছে। তাই আমাদের এবারের কামনা পৃথিবীতে শান্তি নেমে আসুক। সেজন্যই এই প্রতিপাদ্য।”
চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার বলেন, “রোজার কারণে আমাদের যেই ফান্ডরেইজিং, অর্থাৎ আমরা যাদের কাছে আমাদের শিল্পকর্ম বিক্রি করি, তারা কম আসেন।… এদিকে তেমন কেউ আসেন না। তাই আমরা এবার কিছুটা সংক্ষিপ্ত করেছি। তবে যতটা সংক্ষিপ্ত হবে ভেবেছিলাম, ঠিক ততটা সংক্ষিপ্ত না।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার আয়োজনে পহেলা বৈশাখে বের হওয়া মঙ্গল শোভাযাত্রা নগরে বর্ষবরণের অনুসঙ্গ হয়ে উঠেছে অনেকদিন ধরেই। বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্য ধারণ করে কূপমণ্ডুকতা, গোঁড়ামির বিরুদ্ধে লড়াইয়ের হাতিয়ার হিসেবেও দেখা হয় এ কর্মসূচিকে।
গত শতকের আশির দশকে সামরিক শাসনের অর্গল ভাঙার আহ্বানে পহেলা বৈশাখে চারুকলা থেকে যে শোভাযাত্রা বের হয়েছিল; সেটিই পরে মঙ্গল শোভাযাত্রার নাম নেয়। ২০১৬ সালে ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতিও পায় এ কর্মসূচি।
