ঢাকায় কোকেনসহ গ্রেপ্তার ৫
মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের এই অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে আড়াইশ গ্রাম কোকেন উদ্ধার করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা ক্রেতা সেজে কোকেনের একটি চালান আটক এবং এই মাদকদ্রব্য বহনের অভিযোগে ৫ জনকে গ্রেপ্তার করেছে।
সোমবার রাতে গ্রেপ্তার এই পাঁচজন হচ্ছেন- মিন্টু কর্মকার (৩৪), এজাহার মিয়া (৩৮), মো. নাজিম উদ্দীন ওরফে মুন্না (৪০), মো. নাজিম উদ্দীন (৪৫) ও মোহাম্মদ মামুন (২৭)।
মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চট্টগ্রামভিত্তিক পাচারকারী চক্রের এই পাঁচজনকে রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে গ্রেপ্তার এবং তাদের কাছ থেকে ২৫০ গ্রাম কোকেন উদ্ধার করা হয়।
বিজ্ঞপ্তিতে জানান হয়, আন্তর্জাতিক কালোবাজারি বিষয়ক তথ্য সংগ্রাহক ওয়েবসাইট ‘হ্যাভকস্কোপ’-এর তথ্য বিবেচনায় উদ্ধার হওয়া কোকেনের মূল্য প্রায় এক কোটি টাকা।
ঢাকা বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক জাফরুল্ল্যাহ কাজলের নির্দেশনায় এবং ঢাকা মহানগর কার্যালয় (দক্ষিণ)-এর সহকারী পরিচালক সুব্রত সরকার শুভ ও সূত্রাপুর সার্কেলের পরিদর্শক দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমানের নেতৃত্বে একটি দল ক্রেতা সেজে এই মাদকদ্রব্য উদ্ধার করে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদক ব্যবসায়ীরা একটি প্রাইভেটকার নিয়ে কোকেন বিক্রি করতে এসেছিল। ওই প্রাইভেটকারটিও জব্দ করা হয়েছে।
অধিদপ্তর আরও জানায়, এই চক্রে জাহাঙ্গীর আলম (৩৩) নামের একজন গাড়ী চালক রয়েছেন। গভীর সমুদ্রে চলাচলকারী ট্রলার থেকে তিনি এই মাদক সংগ্রহ করে চক্রের সদস্যদের হাতে তুলে দেন বিক্রি করার জন্য। বর্তমানে তিনি পলাতক।
