গাজীপুরে রিসোর্টে অভিযান, মাদকসহ গ্রেপ্তার ৪
আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
গাজীপুরের একটি রিসোর্টে অভিযান চালিয়ে বিদেশি মাদকসহ চারজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
শনিবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গাজীপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. এমদাদুল ইসলাম মিঠুন সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গাজীপুরের একটি টিম শুক্রবার গাজীপুরের 'পূবাইল রিসোর্ট ক্লাব' এর লেকের ভেতরে একটি কটেজে তল্লাশি করে বিপুল মাদক উদ্ধার করেছে। এ সময় চারজনকে জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- মোহাম্মদ মনিরুজ্জামান তানজিম (২৯), তুষার আহমেদ নিশু (৩২), মহিদুল ইসলাম রাহাত (২৮) ও কাসফিয়া নিশাত (২৫)।
গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ২৪ গ্রাম কুশ, এক গ্রাম কোকেন, চার বোতল বিদেশি মদ, একটি ডিজিটাল ভিডিও রেকর্ডার, তিনটি আইফোন ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
আসামিদের জিজ্ঞাসাবাদের বরাতে এমদাদুল ইসলাম মিঠুন বলেন, “রিসোর্ট ক্লাবে ফেস্টিভ্যালের আয়োজক ছিলেন তানজিম, নিশু ও রাহাত। তাদের নেতৃত্বে ‘সোনিক প্লাস’ নামে একটি ব্যানারে রিসোর্টটি পরিচালিত হতো। সেখান থেকে অনুষ্ঠানে অংশ নেওয়া তরুণ-তরুণীদের বিভিন্ন ধরনের কৃত্রিম মাদক সরবরাহ করা হতো।”
তিনি বলেন, “রিসোর্ট কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, অনুষ্ঠান আয়োজনের জন্য তানজিম, তুষার আহমেদ ও মহিদুল ইসলাম রাহাত রিসোর্টটি ভাড়া নিয়েছিলেন।”
এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
