অবৈধ সম্পদ: সাবেক এমপি শিমুল ও মোস্তাফিজের বিরুদ্ধে দুদকের মামলা
দুর্নীতি প্রতিরোধ আইন ও মানিলন্ডারিং প্রতিরোধ আইনে এসব মামলা দায়ের করা হয়েছে।
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে চট্টগ্রাম-১৬ আসনের সাবেক সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী ও তার স্ত্রী শাহীন আক্তার চৌধুরীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক।
এছাড়া নাটোর-২ আসনের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল ও তার স্ত্রী শামীমা সুলতানা জান্নাতীর বিরুদ্ধেও মামলা হয়েছে।
সোমবার তাদের বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইন ও মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন।
তিনি বলেন, অবৈধ সম্পদ অর্জনের দায়ে মোস্তাফিজুর রহমান ও তার স্ত্রীর বিরুদ্ধে দুটি মামলা করেছে দুদক। প্রথম মামলায় আসামি মোস্তাফিজুর রহমান। দ্বিতীয় মামলার মোস্তাফিজের সঙ্গে তার স্ত্রী শাহীন আক্তার চৌধুরীও আসামি।
দুদকের মহাপরিচালক বলেন, মোস্তাফিজুর রহমান চৌধুরী সংসদ সদস্য থাকার সময় ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ৯৮ লাখ ৬৭ হাজার টাকার জ্ঞাত আয়ের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন করেছেন।
এছাড়া ৯টি ব্যাংকের ২১টি হিসাবের মাধ্যমে ১৮ কোটি ৭৫ লাখ ৯৮ হাজার ৫৮০ টাকার সন্দেহজনক লেনদেন করেছেন তিনি।
তার স্ত্রী শাহীন আক্তার চৌধুরীর বিরুদ্ধে ২ কোটি ৬ লাখ ৩০ হাজার টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ করা হয়েছে মামলায়। এছাড়া তার বিরুদ্ধে ৫টি ব্যাংকের ৬টি হিসাবে ৩ কোটি ১৩ লাখ ৭৮ হাজার টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ করা হয়েছে।
গত বছরের ১৮ সেপ্টেম্বর মোস্তাফিজুরের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান শুরু করে দুদক। গত ১ জানুয়ারি মোস্তাফিজুর রহমান চৌধুরী ও তার স্ত্রীর চারটি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেয় আদালত।
অন্যদিকে নাটোর-২ আসনের সাবেক সংসদ সদস্য মো. শফিকুল ইসলাম শিমুলের বিরুদ্ধে মামলায় জ্ঞাত আয় বহির্ভূত ৫ কোটি ১৪ লাখ ৯৬ হাজার ৩৪৯ টাকার সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।
এছাড়া তার নামীয় ব্যক্তিগত ও ব্যবসায়িক ১১টি ব্যাংক হিসাবের ৮ কোটি ১১ লাখ ৭৮ হাজার ২০৫ টাকা জমা ও ৭ কোটি ৫০ লাখ ৫০ হাজার ৬০২ টাকা কোটি টাকা উত্তোলনের অভিযোগ করা হয়েছে।
শিমুল ব্যাংকিং হিসাবে মোট ১৫ কোটি ৬২ লাখ ২৮ হাজার ৮০৭ টাকার অস্বাভাবিক লেনদেন করেছেন বলে মামলায় বলা হয়েছে।
আরেক মামলায় শিমুলের স্ত্রী শামীমা সুলতানা জান্নাতীর বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত ১১ কোটি ২২ লাখ টাকার সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।
এছাড়া ব্যক্তিগত ও ব্যবসায়িক ৪টি ব্যাংক হিসাবের মাধ্যমে মোট ১০ কোটি ৪৩ লাখ ৯১ হাজার ৪৯৬ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে।
আক্তার হোসেন বলেন, “শামীমা সুলতানা জান্নাতী ২০২০ সালের ১০ জানুয়ারি প্রায় ১৭ লাখ ২৫ হাজার কানাডিয়ান ডলারে কানাডার টরন্টোর ৭৩, হেয়ারউড অ্যাভিনিউতে একটি বিলাসবহুল বাড়ি কিনেছেন বলে আমরা জানতে পেরেছি।'
“বাংলাদেশি মুদ্রায় বাড়িটির ক্রয়মূল্য আনুমানিক ১১ কোটি টাকা। ওই বাড়িটির মালিকানা সংক্রান্ত রেকর্ডপত্র সংগ্রহের কার্যক্রম চলছে।”
