Published : 15 Jul 2026, 06:44 PM
কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি স্মরণে রাজধানীর একটি উপযুক্ত সড়কের নামকরণের ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার বিকালে সংসদে বিরোধী দলীয় নেতা শফিকুর রহমানের আনা এ সম্পর্কিত এক প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী এই নির্দেশনা ইতিমধ্যে এলজিআরডি মন্ত্রণালয়কে মৌখিকভাবে দেওয়ার তথ্য দেন।
তারেক রহমান বলেন, “গতকালই (মঙ্গলবার) ঢাকা সিটি করপোরেশনে একটি উপযুক্ত সড়ক নির্ধারণ করে সেটিকে মরহুমের নামে নামকরণের জন্য এলজিআরডি মন্ত্রণালয়কে মৌখিকভাবে নির্দেশনা প্রদান করা হয়েছে। আজ বিরোধীদলীয় নেতা বিষয়টি উপস্থাপন করার জন্য আমি আন্তরিকভাবে সরকারের পক্ষ তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।”
কাতারের বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানির বাবা শেখ হামাদ বিন খলিফা আল থানি গত ১২ জুলাই ৭৪ বছর বয়সে ইন্তেকাল করেন। ১৯৯৫ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত কাতার শাসন করেন তিনি। আধুনিক কাতারের স্থপতি ধরা হয় তাকে।
কাতারের সাবেক আমির মৃত্যুতে বুধবার বাংলাদেশ শোক পালন করছে এবং জাতীয় পতাকা অর্ধনির্মিত রাখা হয়েছে। বাংলাদেশের শোক ও সমবেদনা জানাতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ কাতারের দোহায় গেছেন।
প্রধানমন্ত্রী তার বক্তব্যে সাবেক আমিরের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, “মরহুম শেখ হামাদ বিন খলিফা আল থানির প্রতি সম্মান দেখিয়ে কাতারের জনগণের প্রতি সম্মান প্রদর্শন করছি। কাতার এমন একটি দেশ যারা আমাদের উন্নয়ন কর্মকাণ্ডে দেশের অগ্রযাত্রায় আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করেছে বা করছে।
“লক্ষ লক্ষ বাংলাদেশিকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়ে কাতার বাংলাদেশের উন্নয়ন অর্থনৈতিক উন্নয়ন যাত্রাতেও অংশীদার। শুধু তাই নয়, এর ভেতরে যখন মধ্যপ্রাচ্যে হরমুজ প্রণালি নিয়ে একটি পরিস্থিতি তৈরি হয়েছিল এবং কাতার নিজেও বিভিন্নভাবে আক্রান্ত হওয়ার পরও আমাদের লাখ লাখ প্রবাসীকে তারা নিজেদের নাগরিকদের মত টেক কেয়ার করেছে। তাদের নিরাপত্তা তারা নিশ্চিত করেছে।”
কাতারের সাবেক আমিরের মৃত্যুতে সংসদে শোকপ্রস্তাব গৃহীত
কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বৃহস্পতিবার বাংলাদেশে অর্ধদিবস শোক