গাম্বিয়া সেনাবাহনীর মহড়া পরিদর্শনে সেনাপ্রধান
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে প্রথমবারের মতো বাংলাদেশ-গাম্বিয়া সেনাবাহিনীর যৌথ কন্টিনজেন্ট মোতায়েনের বিষয়ে আলোচনার জন্য এ সফরে গেছেন সেনাপ্রধান।
গাম্বিয়া সফরে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ দেশটির সেনাবাহিনীর বিভিন্ন সামরিক সরঞ্জামাদি ও রণ প্রস্তুতি এবং মহড়া পরিদর্শন করেছেন।
মঙ্গলবার সফরের দ্বিতীয় দিন তিনি বিভিন্ন প্রশিক্ষণ সুবিধাদি, ফাজারা ব্যারাক ও গাম্বিয়ার গার্ডস ব্যাটালিয়ন পরিদর্শন করেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আইএসপিআর।
আইএসপিআর জানায়, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে প্রথমবারের মতো বাংলাদেশ-গাম্বিয়া সেনাবাহিনীর যৌথ কন্টিনজেন্ট মোতায়েনের জন্য গাম্বিয়ার প্রস্তাবের ভিত্তিতে গাম্বিয়া সেনাবাহিনীর সক্ষমতা যাচাই ও পরবর্তী পন্থা নির্ধারণের উদ্দেশ্যে বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের এ সফর অনুষ্ঠিত হচ্ছে।
গাম্বিয়া সফরের প্রথম দিন সোমবার সেনাপ্রধান গাম্বিয়ার চিফ অব ডিফেন্স স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ইয়াঙ্কুবা এ. ড্রামেহ, প্রতিরক্ষামন্ত্রী শেখ ওমর ফাই এবং গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী ড. মামাদৌ টাঙ্গারার সঙ্গে সাক্ষাৎ করেন।
এছাড়া তিনি গাম্বিয়া জাতীয় পরিষদের প্রতিরক্ষা নির্বাচন কমিটির সঙ্গে আলোচনা সভায় অংশ নেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
