Published : 28 May 2026, 01:28 AM
ত্যাগের বাণী মর্মে ধারণ করে আত্মশুদ্ধি, আর লোভ-লালসা ভুলে অন্যের পাশে দাঁড়ানোর আহ্বান নিয়ে আবারও এল কোরবানির ঈদ–ঈদুল আজহা।
জ্যেষ্ঠের মাঝামাঝি বৃষ্টি চলছে থেমে থেমে; ঈদের দিনেও আবহাওয়ার এমন চিত্র বদলাবে না বলেই আভাস মিলছে।
আনন্দ আয়োজনের মাঝে পশু কোরবানি দিয়ে ত্যাগের মানসিকতা তৈরির প্রত্যাশা করা হয় এই ঈদে, যেমনটা ফুটে উঠেছে কবি কাজী নজরুল ইসলামের ‘শহীদী ঈদ’ কবিতায়। জাতীয় কবি লিখেছেন, ‘মনের পশুরে কর জবাই/পশুরাও বাঁচে, বাঁচে সবাই।’
মুসলমানদের অন্যতম বৃহৎ এই ধর্মীয় উৎসব বৃহস্পতিবার উদযাপন হচ্ছে সারাদেশে; কোরবানির পশু নিয়ে অন্যের পাশে দাঁড়ানোর প্রস্তুতি সেরেছেন সামর্থ্যবানরা। ঈদের নামাজ পড়েই কোরবানি দেওয়া হবে পশু।
প্রস্তুত ঢাকার জাতীয় ঈদগাহ ময়দানও। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমান, মন্ত্রিপরিষদের সদস্য, সুপ্রিম কোর্টের বিচারপতি, রাজনীতিবিদসহ সব শ্রেণি-পেশার মানুষ বৃহস্পতিবার সকালে সেখানে এক কাতারে ঈদের নামাজ পড়বেন।
ঈদ উপলক্ষে জাতিকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধান। কোরবানির আনন্দ দরিদ্র ও বঞ্চিত মানুষের সঙ্গে ভাগ করে নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

দ্রব্যমূল্যের উর্ধ্বগতির মধ্যে আসা এবারের ঈদের বাড়তি দামের কারণে পছন্দের পশুর সঙ্গে বাজেটের মেলবন্ধন ঘটাতে হিমশিম খেয়েছেন অনেকে। এর বিপরীতে মন মত দাম না পাওয়ার কথা এসেছে গরু ব্যবসায়ীদের কাছ থেকে।
দেশে চামড়া শিল্পের কাঁচামালের মূল জোগান এই ঈদ থেকে আসে বলে অর্থনীতিতেও বিশেষ গুরত্বপূর্ণ হয়ে আছে ঈদুল আজহা।
বাংলাদেশে এবার এমন এক সময়ে ঈদ এসেছে, যখন সরকার গঠনের ১০০ দিন পেরিয়ে রাষ্ট্রপরিচালনার কাজ গুছিয়ে নেওয়ার চেষ্টা করছে বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার; ঈদের পরপরই ঘোষণা হবে সরকারের প্রথম জাতীয় বাজেট।
সংসদের পাশাপাশি মাঠের রাজনীতিতে বিএনপিকে চাপে রাখার কৌশলে আগাচ্ছে প্রধান বিরোধীদল জামায়াতে ইসলামী এবং তাদের জোটসঙ্গী জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
চব্বিশের অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ২২ মাস ধরে রাজনীতির মাঠে সক্রিয় নেই আওয়ামী লীগ; দলের সভাপতি শেখ হাসিনা ভারতে নির্বাসনে থাকা অবস্থায় দেশে মৃত্যুদণ্ডের রায় পেয়েছেন, দলের বেশিরভাগ নেতাকর্মী এখনও আত্মগোপনে।
পশ্চিম এশিয়ায় ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের ধাক্কায় তেলের দাম বেড়ে যাওয়ায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও উর্ধ্বমুখী; দেশের অর্থনীতিতে এখনও ফেরেনি চাঙ্গাভাব।
হাম এবং হামের উৎসর্গ নিয়ে প্রতিদিনই মর্মান্তিক শিশু মৃত্যু আর পরিবারগুলোর দুঃসহ যন্ত্রণার খবর আসছে দেশের নানা প্রান্ত থেকে। অন্তর্বর্তী সরকারের সময় শিশুদের সময়মত টিকাদানে ব্যর্থতাকে সেজন্য দায়ী করা হচ্ছে।

মানুষের ঈদ প্রস্তুতির মধ্যে রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার ঘটনা আলোড়ন তুলেছে সারাদেশে। দ্রুততম সময়ে এই ঘটনার বিচার সম্পন্নের আশ্বাস দিয়েছে সরকার।
ঈদের ঠিক আগের দিনই রাজধানীর মগবাজারে আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের পোস্ট অপারেটিভ ইউনিটে একসঙ্গে ছয় শিশুর মৃত্যু হয়েছে। সেই শোক বুকে নিয়েই ঈদের দিনটি পার করতে হবে পরিবারগুলোকে।
ঈদ উপলক্ষে ঢাকার বিভিন্ন সড়ক সাজানো হয়েছে; নানা রঙের পতাকা টানানো হয়েছে সড়ক বিভাজকগুলোতে।
দেশের বিভিন্ন সরকারি হাসপাতাল, কারাগার, শিশু পরিবার, ছোটমনি নিবাস, সামাজিক প্রতিবন্ধী কেন্দ্র, সরকারি আশ্রয় কেন্দ্র, শিশু বিকাশ কেন্দ্র, সেইফ হোম, ভবঘুরে কল্যাণ কেন্দ্র ও দুস্থ কল্যাণ কেন্দ্রে ঈদের দিন উন্নতমানের খাবার পরিবেশন করা হবে।
বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন ও বেসরকারি টেলিভিশনগুলো ঈদের আগে-পরে কয়েক দিন ধরে বিশেষ অনুষ্ঠান প্রচার করছে।

ঈদের পথে
ঈদযাত্রা সহনীয় করতে একদিন সাপ্তাহিক ছুটি বাতিল করে এবার টানা সাতদিনের অবকাশের সুযোগ তৈরি করে দিয়েছে সরকার।
সে অনুযায়ী, ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত বন্ধ থাকবে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস। এভাবে টানা ছুটির ব্যবস্থা করতে ২৩ মে শনিবার সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছিল।
রোববার অফিস ছুটির পর বেশিরভাগ মানুষ গ্রামের পথ ধরেন। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির ধারণা অনুযায়ী, ১ কোটি থেকে ১ কোটি ১৫ লাখ মানুষ এবার ঈদ উদযাপন করতে ঢাকা ছেড়েছেন।
বৃষ্টিবিঘ্নিত ঈদযাত্রায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে এবং গাজীপুরে থেমে থেমে যানজট দেখা গেছে বুধবারও। নিয়ম ভেঙে পিকআপ বা ট্রাকে চড়ে উত্তরের যাত্রী হওয়ার পুরনো চিত্র এবারও দেখা গেছে।
এমনই এক যাত্রায় রোববার রাতে রডবোঝাই ট্রাকে চড়ে বাড়ির পথ ধরে টাঙ্গাইলে দুর্ঘটনায় পড়ে নিহত হয়েছেন ১৫ জন। নিহতদের ১০ জনই নওগাঁর এবং বাকিরা উত্তর ও দক্ষিণাঞ্চলের চার জেলার।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম ঈদের আগের দিন বুধবার দুপুরে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শনে গিয়ে সংবাদিকদের বলেন, "এখন পর্যন্ত সবকিছু মিলে একটা ভালো যাত্রা আমরা ম্যানেজ করতে সক্ষম হলাম, এটুকুই বলব।"
বাসে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ প্রসঙ্গে তার ভাষ্য, "সবাই চায় ঈদকে পুঁজি করে... এখন যাত্রীর চাপ আছে, সেখানে কিছু বেশি নেওয়া যায় কিনা। আড়ালে আবডালে কিছু এরকম প্রবণতা আছে।
“কিন্তু এই প্রবণতা তো আপনি মানুষের মননের। যে দুর্বৃত্তায়ন, সেটাকে তো আপনি রাতারাতি চেইঞ্জ করতে পারবেন না।”
স্বজনদের সঙ্গে ঢাকার বাইরে ঈদ উদযাপন করে মানুষ যাতে নিরাপদে কর্মস্থলে ফিরে আসতে পারে, সেজন্য সব ধরনের ব্যবস্থা সরকারের তরফে নেওয়ার কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
দুর্ঘটনার সংখ্যা বিগত সময়ের তুলনায় ‘অনেক কম’ দাবি করে মঙ্গলবার তিনি বলেন, "দুই একটা দুর্ঘটনা যেগুলো হয়েছে, এগুলো নেহায়াত তাদের নিজস্ব গাফিলতির কারণে বলা যায়।”
রডবাহী ট্রাকে ঈদযাত্রা করে ১৫ জন নিহত এবং পাঁচ-ছয় জন আহত হওয়াকে ‘অনেক দুঃখজনক ঘটনা’ হিসাবে বর্ণনা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “যদি যাত্রীরা নিজেরা সচেতন থাকে তাহলে এই দুর্ঘটনায় এড়ানো সম্ভব।”

হাটের গল্প
সরকারের তরফে এবার কোরবানির পশুর চাহিদা এক কোটি ১ লাখের কিছুটা বেশি ধরা হয়েছে। এর চেয়ে বেশি সংখ্যক পশু কোরবানির জন্য প্রস্তুত থাকার কথাও বলা হয়েছে, যেগুলোর বেশির ভাগই গরু।
বৃষ্টির বাগড়ায় এবার কোরবানির পশুর হাটে ভোগান্তিতে পড়তে হয়েছে ক্রেতা-বিক্রেতাদের; অনেক জায়গায় কাদামাখা মাঠ ছেড়ে রাস্তায় উঠে আসতে হয়েছে বিক্রেতাদের।
বরাবরের মতই পশুর দাম কম-বেশি হওয়ার বিপরীতমুখী দাবি এসেছে ক্রেতা-বিক্রেতাদের কাছ থেকে। বিক্রেতারা বলেছেন প্রত্যাশিত দাম পাননি। আর ক্রেতারা বলেছেন, কোরবানির পশুর দাম এবার বেশি ঠেকছে তাদের কাছে।

যে যাই বলুক, কোরবানির পশুর হাট এবার বেশ জমজমাটই ছিল। পরিবারের সদস্যদের নিয়ে হাটে এসে গরু দেখছেন, দরদাম করছেন এবং পছন্দের গরু কিনে বাড়ি ফিরছেন ক্রেতারা।
মধ্যবিত্তের জন্য যেমন ৫৫ হাজার টাকা দামের ছোট গরু ছিল, তেমনি উচ্চবিত্ত ও শৌখিন ক্রেতাদের জন্য ছিল চার থেকে পাঁচ লাখ টাকা দামের গরু।
তবে হাটে মাঝারি আকারের গরুর চাহিদাই ছিল বেশি। এসব গরুর দাম এক লাখ থেকে দেড় লাখ টাকার মধ্যে। খামারিদের ভাষ্য, অধিকাংশ ক্রেতা এই বাজেটের গরু কিনতে হাটে এসেছেন এবার।
বিরাট আকারের নানা নামের কোরবানির পশু এবারও খবরের শিরোনাম হয়েছে। তবে সবাইকে ছাড়িয়ে গেছে নারায়ণগঞ্জের এক পশু খামারের অ্যালবিনো মহিষ ‘ডনাল্ড ট্রাম্প’।
ধবধবে সাদা গায়ে গোলাপি আভা, আর মাথার সামনে লম্বা সোনালি চুলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে মিল আবিষ্কার করে ৭০০ কেজি ওজনের পশুটির এমন নাম রাখা হয়েছে।

ব্যস্ত হওয়ার অপেক্ষায় পোস্তা
দেশের চামড়া শিল্পের চাহিদার ৮০ ভাগের বেশি কাঁচা চামড়া সংগ্রহ করা হয় কোরবানির এই সময়ে। কাঁচা চামড়া সংগ্রহের সবচেয়ে বড় আড়ৎ লালবাগের পোস্তায় তাই সাজ সাজ রব।
মৌসুমি ব্যবসায়ী ও ফড়িয়ারা পাড়া-মহল্লা থেকে কাঁচা চামড়া কিনে বা সংগ্রহ করে তা বিক্রি করবেন আড়তে। আড়তদাররা সেই চামড়া কিছুটা প্রক্রিয়াজাত ও সংরক্ষণ করে ট্যানারিগুলোর কাছে বিক্রি করবেন।
এই ঈদে ৭৫ থেকে ৮০ লাখ কাঁচা চামড়া সংগ্রহের প্রস্তুতির কথা বলছে ট্যানারি মালিকদের সংগঠন বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন (বিটিএ)।
সরকার গতবারের ধারাবাহিকতায় এবারও কিছুটা দাম বাড়িয়ে কোরবানির পশুর চামড়া সংগ্রহের নতুন দর নির্ধারণ করে দিয়েছে।
এবার ঢাকায় ট্যানারি ব্যবসায়ীরা লবণযুক্ত প্রতি বর্গফুট গরুর চামড়া কিনবেন ৬২-৬৭ টাকা দরে। ঢাকার বাইরে এ দর হবে ৫৭-৬২ টাকা।
আর লবণযুক্ত খাসির চামড়ার দর ঠিক করা হয় ২৫-৩০ টাকা এবং বকরি ২২-২৫ টাকা।

বৃষ্টির বার্তা
ঈদযাত্রার শুরু থেকেই এবার ভুগিয়েছে বৃষ্টি, ঈদ পেরিয়ে আগামী শনিবার পর্যন্ত এই প্রবণতা চলতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অফিস।
পূর্বাভাসে বলা হয়েছে, ঈদের দিন রাজধানী ঢাকাসহ দেশের পাঁচ বিভাগের অনেক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে চার বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে।
আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঈদের দিন রাজশাহী, খুলনা, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর মধ্যে ময়মনসিংহ, সিলেট, ঢাকা ও রাজশাহী বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে।
দেশের মধ্যাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা তুলনামূলক বেশি থাকতে পারে জানিয়ে তিনি বলেন, উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলের কিছু এলাকায়, বিশেষ করে রংপুর বিভাগ এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা তুলনামূলক কম।
ঈদের দিন ঢাকা শহরের আবহাওয়া কেমন থাকবে জানতে চাইলে তরিফুল নেওয়াজ বলেন, “ঈদের দিন সকাল ও বিকালের দিকে ঢাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা আছে। দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে, তবে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।”
ঈদের সকালে বৃষ্টি হলে নামাজ পড়তে গিয়ে বিপত্তিতে পড়বে মানুষ। পাশাপাশি পশু কোরবানি দেওয়া এবং মাংস কাটার কাজে জটিলতা বেড়ে যাবে। রাস্তার পাশে পশু কোরবানির রক্ত ও বর্জ্য বৃষ্টির পানিতে ধুয়ে ড্রেনে গিয়ে পড়বে।
কয়েক বছর আগে কোরবানির ঈদের দিন প্রবল বর্ষণে শান্তিনগর এলাকায় জলাবদ্ধতা তৈরি হলে তাতে পশুর রক্ত মিশে সড়ক পরিণত হয় ‘রক্তের নদীতে’।
অবশ্য দুপুরের পর বৃষ্টি হলে রাস্তা ধুয়ে গিয়ে পরিচ্ছন্নতাকর্মীদের কাজ কিছুটা সহজ হয়, দুর্গন্ধও কিছুটা কমে।
‘ত্যাগের আদর্শ প্রতিষ্ঠায়’ আত্মনিয়োগ করার আহ্বান
ঈদের শুভেচ্ছা বাণীতে কোরবানির আনন্দ দরিদ্র ও বঞ্চিত মানুষ এবং অভাবগ্রস্তদের সঙ্গে যথাযথভাবে ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
তিনি বলেছেন, “ঈদুল আজহায় কোরবানির হিস্যা আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও দরিদ্র মানুষের মধ্যে সুষ্ঠু বণ্টনের মাধ্যমে সমাজে অংশীদারিত্ব, বৈষম্য হ্রাস, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত হয়। কোরবানির ঈদ গরিব মানুষের সারা বছরের আমিষ যোগানে সাহায্য করে। সার্বিক অর্থে দেশের অর্থনীতিকে ব্যাপকভাবে চাঙ্গা করে।”
নির্ধারিত স্থানে কোরবানি করার পাশাপাশি কোরবানির বর্জ্য ফেলার আহ্বান জানিয়ে রাষ্ট্রপ্রধান বলেন, “সমাজের সচ্ছল ও বিত্তবানদের আহ্বান জানাব, তারা যেন কোরবানির আনন্দ দরিদ্র ও বঞ্চিত মানুষ এবং অভাবগ্রস্তদের সঙ্গে যথাযথভাবে ভাগাভাগি করে নেন, মানব কল্যাণে এগিয়ে আসেন।”
ঈদুল আজহার মহান শিক্ষাকে ধারণ করে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে সততা, সহনশীলতা, মানবিক মূল্যবোধ ও ত্যাগের আদর্শ প্রতিষ্ঠায় আত্মনিয়োগ করার আহ্বানও জানিয়েছেন তিনি।
ঈদুল আজহা উপলক্ষে দেওয়া বাণীতে মানুষের ত্যাগ কবুলের পাশাপাশি বিশ্বজুড়ে শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তার জন্য প্রার্থনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্ববাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেছেন, “পবিত্র ঈদুল আজহায় আল্লাহর দরবারে প্রার্থনা করি, তিনি যেন আমাদের ত্যাগ কবুল করেন। আমাদের মাতৃভূমিসহ সমগ্র মুসলিম বিশ্ব ও মানবজাতির জন্য শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা দান করেন।
“একইসঙ্গে আমি বিশ্বজুড়ে শান্তি, সম্প্রীতি এবং নিরাপত্তার জন্যও মহান আল্লাহর দরবারে প্রার্থনা করছি। ত্যাগের মহিমায় ভাস্বর হোক এই পবিত্র ঈদুল আজহা। আল্লাহ আমাদের কোরবানি ও ইবাদত কবুল করে নিন। তার অশেষ রহমত ও বরকতে আমাদের জীবন ভরে উঠুক শান্তি ও সমৃদ্ধিতে।”
রাষ্ট্রপতির কার্যালয় জানিয়েছে, ঈদের দিন বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত বঙ্গভবনে রাজনৈতিক দলেন নেতা, কূটনীতিক, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও তার সহধর্মিনী রেবেকা সুলতানা।
তবে প্রধানমন্ত্রী তারেক রহমান শুভেচ্ছা বিনিময়ের কোনো কর্মসূচি রাখেননি। ঈদের নামাজ শেষে তিনি বাবা জিয়াউর রহমান ও মা খালেদা জিয়ার কবর জিয়ারত করবেন। দুপুরে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী আয়োজিত ঐতিহ্যবাহী ‘বড়খানা’ (প্রীতিভোজ) অনুষ্ঠানে যোগ দেবেন।

বর্জ্য অপসারণের প্রস্তুতি
গত বছর কোরবানির ঈদের তিন দিনে ঢাকার দুই সিটি করপোরেশন মিলিয়ে ৫২ হাজার টন বর্জ্য অপসারণ করেছিল। এবারও সেরকম প্রস্তুতি নিয়েছেন দুই সিটির কর্মকর্তারা।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে প্রায় সাড়ে ১৩ হাজার কর্মী দিয়ে তিনদিনে প্রায় ৩৪ হাজার টন বর্জ্য অপসারণের লক্ষ্য নেওয়ার কথা বলেছেন প্রশাসক আবদুস সালাম।
ঈদের দিন দুপুর দেড়টায় কলাবাগানে বর্জ্যের সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) থেকে মাতুয়াইল ল্যান্ডফিলে কোরবানির বর্জ্য পরিবহন শুরু হবে। পরের ৮ ঘণ্টার মধ্যে, অর্থাৎ রাত সাড়ে ৯টার মধ্যে ঈদের প্রথম দিনের বর্জ্য অপসারণ করা হবে।
প্রশাসক বলেন, “আমাদের লক্ষ্য তিন দিনে প্রায় ৩৩ হাজার ৯৪২ টন বর্জ্য অপসারণ করা। প্রথম দিনে প্রায় ১৫ হাজার ৯৩৫ টন, দ্বিতীয় দিনে প্রায় ১১ হাজার ৭৭৬ টন এবং তৃতীয় দিনে প্রায় ৬ হাজার ২৩১ টন বর্জ্য অপসারণের পরিকল্পনা রয়েছে।”
নগরবাসীকে কোরবানির পশুবর্জ্য নালা-নর্দমায় না ফেলার অনুরোধ জানিয়ে প্রশাসক বলেছেন, “কোনোভাবেই কোরবানির বর্জ্য কোনো ড্রেনের মধ্যে ফেলবেন না। দেখেন বৃষ্টি যে কোনো সময় হতে পারে, কোরবানির আবর্জনা যদি আপনি ড্রেনের মধ্যে ফেলেন, তাহলে পানি আটকে যাবে, পানি রাস্তায় চলে আসবে। তখন আপনারাই বলবেন যে সিটি করপোরেশন পরিষ্কার করে নাই।”

কোরবানির শুরুর পর থেকে ১২ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণের ঘোষণা দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন।
বিশাল এ কর্মযজ্ঞ সফল করতে সাড়ে ৭০০ গাড়ি আর ১৬ হাজার পরিচ্ছন্নতাকর্মী নিয়োজিত করার কথা বলেছেন উত্তর সিটির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।
কর্মকর্তাদের ধারণা, ঈদের তিন দিনে ২০ হাজার টনের মত বর্জ্য তৈরি হতে পারে এ সিটি করপোরেশন এলাকায়।
সেসব বর্জ্য দ্রুত আমিন বাজার ল্যান্ডফিলে ফেলার জন্য সার্বিক প্রস্তুতি সম্পন্ন করার কথা তুলে ধরে মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএনসিসি বলেছে, ইতোমধ্যে ১৬ লাখ ৩০ হাজার পলিব্যাগ বিতরণ করা হয়েছে।
“কোরবানির পর দ্রুত জীবাণুমুক্ত ও দুর্গন্ধমুক্ত পরিবেশ নিশ্চিত করতে ৩ হাজার ৬০০ বস্তা ব্লিচিং পাউডার, ১ হাজার ৩৪৮ ক্যান ফিনাইল এবং ৩ হাজার ৯০০ ক্যান স্যাভলন বিতরণও সম্পন্ন হয়েছে।”
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বৃষ্টির কারণে জলাবদ্ধতা হলে ড্রেনেজ ব্যবস্থা সচল রাখতে নগরবাসীর সহযোগিতা কামনা করেছেন। পাশাপাশি জনসচেতনতা বাড়াতে শহরজুড়ে মাইকিং, ডিজিটাল বিলবোর্ডে প্রচারণা, ৫০ হাজার লিফলেট বিতরণ এবং মোবাইল এসএমএসের মাধ্যমে প্রচার চালানো হচ্ছে।

বরাবরের মতো এবারও জাতীয় ঈদগাহ মাঠে ঈদুল আজহার প্রধান জামাতের আয়োজন করেছে ঢাকার নগর কর্তৃপক্ষ। এই জামাত হবে সকাল সাড়ে ৭টায়।
তবে ঝড়বৃষ্টির কারণে আবহাওয়া প্রতিকূল হলে বৃহস্পতিবার সকাল ৮টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে হবে ঈদের প্রধান জামাত।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের জামাতের আয়োজন করা হয়েছে, যেখানে ১২১টি কাতারে প্রায় ৩৫ হাজার মানুষ একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন।
বরাবরের মতো বায়তুল মোকাররম মসজিদে পাঁচটি ঈদ জামাতের ব্যবস্থা করা হয়েছে। সকাল ৭টা, সকাল ৮টা, সকাল ৯টা, সকাল ১০টায় এবং ১০টা ৪৫ মিনিটে ঈদের জামাতগুলো হবে।
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদুল আজহার জামাত হবে সকাল সাড়ে ৭টায়। প্রতিকূল আবহাওয়ার কথা বিবেচনায় নিয়ে এবার আগারগাঁওয়ের আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ঈদ জামাতের আয়োজন করেনি ঢাকা উত্তর সিটি করপোরেশন।
কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে সকাল ৯টায় কোরবানির ঈদ জামাত হবে। আর সবচেয়ে বড় ঈদ জামাত আয়োজনে কয়েক বছর ধরে শোলাকিয়ার সঙ্গে পাল্লা দেওয়া দিনাজপুর গোর-এ-শহীদ বড় ময়দানে ঈদের নামাজ হবে সকাল সাড়ে ৮টায়।
পুরনো খবর
ঈদুল আজহা: ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়
চট্টগ্রামে ঈদের প্রধান জামাত জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদে
প্রস্তুত শোলাকিয়া মাঠ: সকাল ৯টায় ঈদ জামাত, থাকছে বিশেষ ট্রেন
সংসদের দক্ষিণ প্লাজায় ঈদের জামাত সকাল সাড়ে ৭টায়
ঈদ উদযাপন ও নিরাপদে কর্মস্থলে ফেরার সব ব্যবস্থা করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
কোরবানি ঈদে কেমন থাকবে আবহাওয়া?
দিয়াবাড়ি হাট পানিতে থৈ থৈ, ক্রেতা পাচ্ছে না বড় গরু
বৃষ্টি দেবে বাগড়া? কোরবানির পশুর হাটে বেপারীদের ‘কপালে ভাঁজ’