Published : 25 May 2026, 05:51 PM
চট্টগ্রাম নগরীতে ঈদুল আজহার প্রথম ও প্রধান জামাত সকাল ৭টায় জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে।
সোমবার বিকেলে চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) এক বিজ্ঞপ্তিতে ঈদ জামাত আয়োজনের তথ্য জানানো হয়।
সিটি করপোরেশনের সমাজকল্যাণ ও সংস্কৃতি কর্মকর্তা মামুনুর রশীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঈদ জামাতের জন্য মাঠের প্রস্তুতি কাজ শেষ পর্যায়ে। আজকের মধ্যে সব কাজ শেষ হবে। আগামীকাল মেয়র মহোদয় পরিদর্শন করবেন।
“চট্টগ্রাম সিটি করপোরেশনের তত্ত্বাবধানে ঈদুল আজহার প্রথম ও প্রধান জামাত নগরীর জমিয়তুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে সকাল ৭টায় অনুষ্ঠিত হবে।”
প্রধান জামাতে ইমামতি করবেন জমিয়তুল ফালাহ মসজিদের খতিব হযরতুল আল্লামা আলহাজ্ব সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দীন আল কাদেরী। একই স্থানে দ্বিতীয় জামাত হবে সকাল ৮টায়; তাতে ইমামতি করবেন জমিয়তুল ফালাহ মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ আহমদুল হক।

অন্যদিকে চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে সকাল সাড়ে ৮টায় ঈদের জামাত জেলা স্টেডিয়ামের জিমনেসিয়াম মাঠে অনুষ্ঠিত হবে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন স্টাফ অফিসার টু ডিসি মো. আসিফ জাহান সিকদার।
এছাড়া চট্টগ্রাম সিটি করপোরেশনের তত্ত্বাবধানে নগরীর আরও ৯টি মসজিদে সকাল ৮টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে।
মসজিদগুলো হল-লালদীঘি চট্টগ্রাম সিটি করপোরেশন শাহী জামে মসজিদ, হযরত শেখ ফরিদ (রাঃ) চশমা ঈদগাহ মসজিদ, সুগন্ধা আবাসিক এলাকা জামে মসজিদ, চকবাজার সিটি করপোরেশন জামে মসজিদ, জহুর হকার্স মার্কেট জামে মসজিদ, দক্ষিণ খুলশী (ভিআইপি) আবাসিক এলাকা জামে মসজিদ, আরেফীন নগর কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদ, সাগরিকা গরুবাজার জামে মসজিদ এবং মা আয়েশা সিদ্দিকা (রাঃ) সিটি করপোরেশন জামে মসজিদ (সাগরিকা স্টেডিয়াম সংলগ্ন)।