Published : 26 May 2026, 02:21 PM
স্বজনদের সঙ্গে ঢাকার বাইরে ঈদ উদযাপন করে নিরাপদে কর্মস্থলে ফিরে আসার সব ধরনের ব্যবস্থা সরকারের পক্ষ থেকে করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
মঙ্গলবার দুপুরে পুলিশ সদর দপ্তরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কথা বলছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "আমরা নিরাপদ ঈদযাত্রা, নিরাপদভাবে সমস্ত ঈদের জামাত অনুষ্ঠান এবং নিরাপদভাবে যার যার কর্মস্থলে ফিরে আসা এই ব্যবস্থাগুলো করতে পারব।"
মহাসড়কগুলো সার্বক্ষণিক মনিটরিংয়ের আওতায় আনা হয়েছে জানিয়ে সালাহউদ্দিন বলেন, “পাশাপাশি পশুর হাটগুলো যে সমস্ত জায়গায়, আর যেসব জায়গায় এক্সপ্রেসওয়ে আছে, যমুনা ব্রিজ থেকে শুরু করে পদ্মা ব্রিজ সব জায়গায়, একটু বিশেষ যত্ন নিয়েছি।
"সারাদেশে যে-সব জায়গায় সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে, বিশেষ করে হাইওয়েতে নজরদারি আছে। তার বাইরে যেখানে নেই সেখানে আমরা বডি ক্যামেরা দেওয়া হয়েছে।"
দুর্ঘটনার সংখ্যা বিগত সময়ের তুলনায় ‘অনেক কম’ দাবি করে সালাহউদ্দিন আহমদ বলেন, "দুই একটা দুর্ঘটনা যেগুলো হয়েছে, এগুলো নেহায়াত তাদের নিজস্ব গাফিলতির কারণে বলা যায়। যেমন গতকালকে একটা দুর্ঘটনা হয়েছে লোহার রড বহনকারী একটা ট্রাকে নওগাঁর কিছু লোক এখানে হয়ত তারা ভাড়া সেইভ করার জন্য ছাদে উঠছে বা রডের উপরে উঠে যাত্রা করেছিল। সেই ট্রাকটা দুর্ঘটনায় পতিত হয়েছে। সম্ভবত ভারসাম্য নিয়ন্ত্রণ হয়তো ফেইল করেছে। ভারসাম্য রাখতে পারে নাই। সেই হিসাবে তাদের অন দি স্পট তাদের অনেকেই মৃত্যু হয়েছে তাদের ১৫ জন মনে হয়। আর পাঁচ ছয় জন আহত হয়েছে। এটা অনেক দুঃখজনক ঘটনা। যদি যাত্রীরা নিজেরা সচেতন থাকে তাহলে এই দুর্ঘটনায় এড়ানো সম্ভব।"
সারাদেশে পশুরহাটে যাতে জাল নোটের ব্যবহার না হয় সেজন্য সতর্কতা নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, "আমরা সচেতন আছি, জাল নোট শনাক্তকারী অনেকগুলো মেশিন আমাদের পক্ষ থেকে দেওয়া হয়েছে। আর ব্যাংকের তরফ থেকেও দেওয়া হয়েছে। সেটা বাংলাদেশ ব্যাংক ব্যবস্থা করেছে। বিভিন্ন ব্যাংকের শাখা সমূহ সেখানে তৎপর আছে।
"এছাড়া যাতে শৃঙ্খলা থাকে, অনুমোদিত পশুর হাটগুলোর বাইরে যাতে কোন হাট না বসতে পারে সেজন্য আমরা খুবই কঠোর ব্যবস্থা নিচ্ছি। গতকালকে একটা নজরে আসার সাথে সাথে সেটা আমরা বন্ধ করার ব্যবস্থা নিয়েছি। এটা সম্ভবত মিরপুরে মেট্রোরেলের কোন লাইনের নিচে, হয়ত কেউ এরকম একটা নিতে চেয়েছিল সুযোগ, সেটা সাথে সাথে বন্ধ করে দেওয়া হয়েছে।"