১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫

রড এবং ট্রাকের চাকার নিচে চাপা পড়ে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়, বলছে পুলিশ।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2026, 12:06 PM

Updated : 11 Sep 2026, 03:18 PM

ঈদযাত্রায় টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় রডবোঝাই ট্রাকে উল্টে ১৫ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছে আরও অন্তত দশজন।

সোমবার ভোররাত ৪টার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের সরাতৈল এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে টাঙ্গাইলের পুলিশ সুপার মুহাম্মদ শামছুল আলম সরকার জানিয়েছেন। 

হতাহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। 

পুলিশ বলছে, উত্তরবঙ্গগামী রডবোঝাই ট্রাকে যাত্রী বহন করা হচ্ছিল। ট্রাকটি ত্রিপল গিয়ে ঢাকা ছিল। ট্রাকটি টাঙ্গাইলের কালিহাতী এলাকায় মহাসড়কে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান এবং সেটি উল্টে যায়।

এ সময় ট্রাকের রড ও চাকার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ১৫ জন নিহত হন। 

পুলিশ সুপার শামছুল আলম বলেন, “বিভিন্ন জায়গা থেকে রড রোঝাই ট্রাকে যাত্রী তোলা হয়েছিল৷ লাশগুলো উদ্ধার করে হাসপাতালে পাঠানো হচ্ছে।” 

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গের ইনচার্জ গোপাল বলেন, “আমরা দুর্ঘটনায় নিহত ১৫ জনের লাশ পেয়েছি।”